ওসমানীতে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইটের অবতরণ

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক: অবশেষে সিলেটবাসীর রঙিন স্বপ্ন পূরণ করে ১৪৭ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করেছে ফ্লাই দুবাই’র ফ্লাইট। ১৫ মার্চ (বুধবার) বিকেল ৩টায় ফ্লাইটটি সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে দীর্ঘ অপেক্ষার পর ওসমানী বিমাবন্দর থেকে সরাসরি ফ্লাইট চলাচলের পথ সুগম হলো।
১৫ মার্চ বিমানটির ইকোনমি ক্লাসে ১৪১ ও বিজনেস ক্লাসে ৬ জন যাত্রী সিলেট এসে পৌঁছান। এই বিমানের ১৭৪টি আসনের মধ্যে বিজনেস ক্লাসের ১২টি এবং ইকোনমি ক্লাসের ১৬৫টি আসন রয়েছে। বিকেল ৫টা ৪০ মিনিটে বিমানটি ফিরতি ফ্লাইট হিসাবে দুবাই’র উদ্দেশে সিলেট ছেড়ে যাবে। এ ফ্লাইটে আসা যাত্রীদের স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী, রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. ফজলে আকবর, উপ ব্যাবস্থাপনা পরিচালক সালমান হাবিব, ফ্লাই দুবাই’র বাংলাদেশস্থ জিএসএ স্কাই এভিয়েশন সার্ভিসের চেয়ারম্যান সাইফুল হক, ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল রেজা চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের ১ মে সিলেট থেকে ফ্লাই দুবাইয়ের একটি আন্তর্জাতিক ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবরতণ করলেও গ্রাউন্ড হ্যান্ডলিং সংক্রান্ত জটিলতার কারণে ওইদিনের পর আর কোন ফ্লাইট অপারেট করতে পারেনি। তবে এবার রিজেন্ট এয়ারওয়েজের সাথে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের চুক্তির ফলে তাদের ফ্লাইট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ।

সর্বশেষ সংবাদ