সিলেট ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০১৬
নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট নগরীর কাকলী শপিং সেন্টারে হামলা চালিয়ে ভাংচুর করেছে সন্ত্রাসীরা । বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জিন্দাবাজারস্থ এ শপিং সেন্টারে হামলার ঘটনা ঘটে।
জানা যায়, দাড়িয়াপাড়া এলাকার বিপ্লব রায় লিটনের নেতৃত্বে রাত ৯টার দিকে ২৫/৩০ জনের একদল যুবক জয়বাংলা স্লোগান দিয়ে কাকলী শপিং সেন্টারে অতর্কিত হামলা করে। এসময় তারা রড, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে মার্কেটের সামনে ব্যাপক তান্ডব চালায়। সাইনবোর্ড ও কাঁচের দেয়াল ভাংচুর করে। প্রায় ১ ঘন্টা ধরে দফায় দফায় হামলার ঘটনা ঘটলেও পুলিশ ঘটনাস্থলে আসে অনেক পরে। পুলিশের উপস্থিতিতেও হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন মার্কেট কমিটির নেতারা।
হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন মার্কেটের ৩জন নিরাপত্তা কর্মী। গুরুতর আহত অবস্থায় নিরাপত্তাকর্মী মনির মিয়াকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাকলী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রকিব শিকদার জানান, মার্কেটের পরিচালক উবেদ আহমেদের কাছ থেকে আনুমানিক ২লাখ ৬২ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে দূর্বৃত্তরা।
খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রলীগের বিধান গ্রুপের কর্মী বিপ্লব রায় লিটনের কাব্য ফ্যাশন নামে একটি দোকান ছিল কাকলী শপিং সেন্টারের ৩য় তলায়। দোকান মালিক ও মার্কেট কর্তৃপক্ষের বকেয়া টাকা পরিশোধ না করে গোপনে কিছু দিন আগে দোকান ছেড়ে চলে যায় লিটন। বৃহস্পতিবার লিটনকে ডেকে এনে টাকা চায় মার্কেট কর্তৃপক্ষ। এসময় লিটন টাকা চাওয়ার মজা বোঝানো হবে বলে চলে যায়। এর পর রাতে এ হামলার ঘটনা ঘটে।
কাকলী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাদিকুর রহমান বলেন, ২৫ থেকে ৩০ জনের একটি দল হঠাৎ করেই হামলা চালায়। মার্কেটের ব্যাপক তান্ডব চালিয়েছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে কতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তিনি জানান এর আগেও লিটন এক ব্যবসায়ীর দোকানে হামলা করে। তার কাছে বিভিন্ন ব্যবসায়ীর কয়েক লক্ষ টাকা পাওনা রয়েছে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ সোহেল আহমদ বলেন, ঘটনাটি আমি জানি না। খোঁজ নিয়ে দেখছি।
এ ব্যাপারে কথা বলতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো: রহমত উল্লার মোবাইল ফোনে যোগোযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি