খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাত

প্রকাশিত: 9:30 PM, April 24, 2018

খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাত

প্রভাতবেলা ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন পরিবারের পাঁচ সদস্য। ২৪এপ্রিল মঙ্গলবার বিকেল ৪টা ২০ থেকে ৫টা ৫০ পর্যন্ত তাঁরা খালেদা জিয়ার সঙ্গে থাকার সময় পান।

আজ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পান তাঁর বড় বোন সেলিনা ইসলাম, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগ্নি বেবি ইসলাম, ভাগ্নে ডা. মো. মামুন ও বড় পুত্রবধূ ডা. জোবাইদা রহমানের বড় বোন শাহিনা জামান খান। তাঁরা এমন এক সময়ে সাক্ষাতের সুযোগ পেয়েছেন যখন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি ও চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন বিএনপি। তবে সাক্ষাতের পর গণমাধ্যমের সঙ্গে তাঁরা কেউ কথা বলেননি।

এর আগে পরিবারের সদস্যরা সর্বশেষ গত ১৪ এপ্রিল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

গত ১৯ এপ্রিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে সাক্ষাৎ পাননি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান। পরের দিন ২০ এপ্রিল পরিবারের সদস্যরাও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। দুই দিনই কারা কর্তৃপক্ষ বিএনপি নেতা ও পরিবারের সদস্যদের জানান, খালেদা জিয়া অসুস্থ। তিনি হেঁটে ওয়েটিং রুম পর্যন্ত আসতে পারবেন না।

আরও পড়ুন  করোনায় একদিনে ৬১ জনের মৃত্যু, শনাক্ত ১৯১৪

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকে তিনি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন।

সর্বশেষ সংবাদ