খুনি ছেলেকে ধরিয়ে দিলেন মা

প্রকাশিত: 3:47 PM, March 9, 2021

খুনি ছেলেকে ধরিয়ে দিলেন মা

প্রভাতবেলা ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরকীয়া দেখে ফেলায় ডেকে নিয়ে ছুরিকাঘাতে রাজু মিয়া (২০) নামে এক যুবককে হত্যা করে পালিয়ে যায় শুভ মিয়া (২২) নামে আরেক যুবক। এ ঘটনার ১০ ঘণ্টার মধ্যেই হত্যাকারী শুভকে ধরিয়ে দিল তারই মা শাহনাজ বেগম। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দেবগ্রামে।

রবিবার (৭ মার্চ) রাতের এ হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার (৮ মার্চ) সকালে আখাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত রাজুর পিতা আলমঙ্গীর মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, পাশের বাড়ির কিশোরীর সঙ্গে শুভর পরকীয়া প্রেম ছিল। তাদের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য দেখে ফেলায় রাজু এবং শুভ দুইজনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে রাজুকে দেখে নেওয়ার হুমকি দেয় শুভ। ওই ঘটনার জের ধরেই রবিবার রাত সাড়ে ৯টার দিকে ডেকে নিয়ে রাজুকে ছুরিকাঘাত করে হত্যা করে কিশোরগঞ্জের করিমগঞ্জে পালিয়ে যায় শুভ।

আখাউড়া থানা পুলিশের কাছে বিষয়টি শুভর মা শাহনাজ বেগম জানিয়ে দেন। পরে শাহনাজ বেগমের তথ্যের ভিত্তিতে রাজুর হত্যাকারী শুভকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার লৌয়া গ্রাম থেকে আটক করতে সক্ষম হয় আখাউড়া থানা পুলিশ।

আরও পড়ুন  আইসিইউতে আল্লামা শফী

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, হত্যার বিষয়ে শুভ স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ