সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০১৭
প্রভাতবেলা ডেস্ক:
শুক্রবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা ৬ ঘন্টা কিডনীর অপারেশন শেষে সফল অস্ত্রোপচারের কথা জানিয়েছেন ভারতের রাজধানী দিল্লির নিকটবর্তী হরিয়ানা রাজ্যের বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান মেদান্ত হাসপাতালের চিকিৎসকরা।
ওই হাসপাতালে থাকা সালাহউদ্দিন আহমদের নিকটাত্মীয় ছফওয়ানুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অপারেশন টেবিল থেকে সালাহউদ্দিন আহমদকে সরাসরি আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানান, আইসিইউতে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর সালাহউদ্দিন আহমদকে কেবিনে স্থানান্তর করা হবে।
২০১৪ সালের ১০ মার্চ রাতে বিএনপির মুখপাত্রের দায়িত্বপালনকালিন ঢাকার উত্তরার একটি ভবন থেকে অজ্ঞাত অস্ত্রধারিদের হাতে ‘অপহৃত’ হয়ে ‘গুম’ হয়েছিলেন সালাহউদ্দিন আহমদ। আর ঠিক তিনবছর পর ২০১৭ সালের ১০ মার্চ ভারতের রাজধানী দিল্লীর সীমান্তবর্তী হরিয়ানা রাজ্যের বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান মেদান্ত স্পেশালাইজড হাসপাতালে কিডনির অপারেশনে গেলেন শুক্রবার (১০ মার্চ) এই রাজনীতিবিদ।
সালাহউদ্দিন আহমদের ঘনিষ্ট সূত্রমতে, তাঁর কিডনীতে জটিলতা দেখা দেয়ার পর থেকে দীর্ঘদিন ধরে তিনি কোমরে ও শরীরে ব্যথা নিয়ে দিন কাটাচ্ছিলেন। পরে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ওই দেশে অনুপ্রবেশের অভিযোগে চলমান মামলায় জামিনে থাকা সালাহউদ্দিন আহমদ আদালতের অনুমতি নিয়ে দিল্লীর ওই বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য গেছেন।
দিল্লীতে থাকা ছফওয়ানুল করিম ও কক্সবাজারে থাকা নুরুল ইসলাম হেলালী জানিয়েছেন, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি সালাহউদ্দিন আহমদ ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে কিডনীর চিকিৎসার জন্য দিল্লী সীমান্তের মেদান্ত হাসপাতালে যান। ওখানে এই ক’দিন শারিরিক পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের জন্য তাঁকে প্রস্তুত করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের শেষদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন উত্তাল, দেশের প্রধানতম বিরোধী দল বিএনপি যখন নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবিতে টানা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছিল, ঠিক তখন দলটির মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন তৎকালিন যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অজ্ঞাতস্থান থেকে পাঠানো তাঁর বিবৃতি ও ভিডিও বার্তা গুলো যখন দেশজুড়ে আলোচনার ঝড় তুলেছিল ঠিক তখন ২০১৪ সালের ১০ মার্চ রাতে ঢাকার উত্তরা এলাকার একটি ভবন থেকে সরকারী আইন-শৃংখলা বাহিনী পরিচয়ে একদল অস্ত্রধারী সালাহউদ্দিন আহমদকে ‘অপহরণ’ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
দীর্ঘদিনের ‘গুম’ রাজ্য থেকে ফিরিয়ে দেয়ার পর শিলং গলফ কোর্স ময়দান থেকে একটি সাদা গাড়ী চলে যেতে দেখেছিলেন সালাহউদ্দিন আহমদ। এই নিয়ে কখনোই তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি। মিডিয়াকে তিনি শুধু এইটুকু জানাতে পেরেছিলেন, অস্ত্রধারীরা তাঁকে তুলে নেয়ার পর থেকে একটি বদ্ধঘরে আটকে রাখা হয়েছিল।
সালাহউদ্দিন আহমদ মিডিয়াকে জানিয়েছিলেন, তাঁকে যখন ওই রুম থেকে বের করে চোখ বেঁধে গাড়ীতে তোলা হয়েছিল তখন তাদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘আমাকে যদি হত্যা করা হয় লাশ যেন গোপন করা না হয়। আমার পরিবারের হাতে তোমরা লাশটি তুলে দিও।’ সেই কথার পরও তাদের কেউ একটি শব্দও সালাহউদ্দিন আহমদের সাথে বলেননি!
উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ সরকারী চাকুরী থেকে সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) হয়েছিলেন। দীর্ঘ প্রায় ৫ বছর সেই দায়িত্ব পালনের পর তিনি সরকারী চাকুরী ছেড়ে রাজনীতিতে আসেন। রাজনীতিতে আসার পরও তার উত্থান চলতেই থাকে। তিনি কক্সবাজার জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব নিয়ে আসার পর যেমন রাজনীতিতে উত্থান ঘটে, তেমনি চকরিয়া-পেকুয়া সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একই সাথে তিনি সর্বশেষ বিএনপি সরকারের সময়ে যোগাযোগ প্রতিমন্ত্রী ও কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। পরে তিনি দলটির যুগ্ন-মহাসচিবও হন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি