সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:: সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানাধীন লালমাটিয়া এলাকায় ট্রাকের মধ্য থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে মোগলাবাজার থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়েছে, এমন তথ্য পায়নি পুলিশ। ফলে এ লাশ দুটি নিয়ে দেখা দিয়েছে রহস্য। পুলিশ এটিকে ‘হত্যাকাণ্ড’ ধরেই তদন্ত শুরু করেছে।
তদন্তে ওই লাশ দুটির পরিচয়ও পাওয়া গেছে। তারা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বাসবাড়ির বাগদী গ্রামের মো. কাদেরের ছেলে মো. জাহাঙ্গীর (২৫) ও দীন মোহাম্মদের ছেলে মো. রাজু (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা।
তিনি জানান, আজ শুক্রবার সকালে পৌনে ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লালমাটিয়া এলাকাস্থ সিটি করপোরেশনের ময়লার ভাগাড়ের দক্ষিণ দিকের প্রবেশপথে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪০৩০) পাওয়া যায়। ট্রাকের ভেতর (সামনে চালক ও হেলপার বসার স্থান) দুটি লাশ পড়ে থাকতে দেখা যায়।
জেদান আল মুসা বলেন, ‘পুলিশ প্রথমে এটিকে দুর্ঘটনায় মৃত্যু মনে করেছিল। কিন্তু ট্রাকের কোনো ক্ষতি না দেখে, দুর্ঘটনা চিহ্ন না পেয়ে সন্দেহ হয় পুলিশে। আমাদের ধারণা, অন্য কোথাও এদেরকে হত্যা করে এখানে এনে ফেলে গেছে ঘাতকরা। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঘাতকরা হয়তো এটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছিল। পুলিশ এ ঘটনার রহস্য উদঘাটনে জোরেশোরে কাজ শুরু করেছে।’
পুলিশ জানিয়েছে, ওই দুই যুবকের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, ঢাকার গাজীপুরের জয়দেবপুরস্থ ধান গবেষণা কেন্দ্র থেকে সন্ধ্যা ৭টায় ট্রাকটি সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ট্রাকটির মালিক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার আইলদীপুরের আতাউর রহমানের (৪০)।
প্রভাতবেলা /২৪-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি