সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৭
মাঠে ময়দানে ডেস্ক: ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে পরিবর্তন এল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দলে। শনিবার ঘোষিত ১৪ সদস্যের দলে টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হককে বাদ দেওয়া হয়েছিল। এরপর থেকেই দেশজুড়ে ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল সাইটে প্রতিবাদের ঝড় তুলেছিলেন।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচককে প্রশ্নবাণে জর্জরিত করেছিলেন সাংবাদিকরা। সেই বিতর্কিত সিদ্ধান্তের ২৪ ঘণ্টার মধ্যেই রবিবার আবারও দলে অন্তর্ভূক্ত করা হলো মুমিনুলকে! তবে সেই ঘোষিত দল থেকে বাদ পড়লেন মোসাদ্দেক হোসেন সৈকত।
অবশ্য মোসাদ্দেক হোসেন সৈকত খেলতে পারবেন কি না, তা নিয়ে শুরু থেকেই কিছুটা সংশয় ছিল। চোখের সমস্যার কারণে তাকে বিশ্রামে থাকতে হবে অন্তত এক থেকে দুই সপ্তাহ। তাই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই তরুণ অলরাউন্ডারকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।
মুমিনুলকে দলে ফেরানো সম্পর্কে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘চোখের সমস্যার কারণে সৈকতকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে, তাই মুমিনুলকে আবার দলে ফেরানো হয়েছে। অবশ্য সে আমাদের পরিকল্পনায় সবসমই ছিল।’
তিনি বলেন, সৈকতের চোখের কর্নিয়ার ইনফেকশন হয়েছে। এই সমস্যার করণে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হতে পারে তাকে। তা হতে পারে অন্তত দুই সপ্তাহ। যে কারণে চট্টগ্রামে দলের প্রস্তুতি ক্যাম্পেও থাকতে পারেননি তিনি। তরুণ এই অলরাউন্ডারের অসুস্থতাই মুমিনুলকে দলে ফেরার সুযোগ করে দিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন, মোসাদ্দেকের জায়গায় আবার ফেরানো হয়েছে মুমিনুলকে। মোসাদ্দেকের চোখের সমস্যা ভালো না হওয়ায় তাকে ছিটকে যেতে হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল থেকে।
তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই কর্নিয়ার সমস্যায় ভুগছেন মোসাদ্দেক। সাধারণত তিন সপ্তাহেই ভালো হয়ে যায় এই সমস্যা। কিন্তু মোসাদ্দেকের তিন সপ্তাহ পেরিয়ে গেছে। মূলত রোদে আসলেই তার চোখে জ্বালপোড়া শুরু হয়।
ইনডোরে অনুশীলনে সমস্যা খুব বেশি নেই। বাইরে ছায়াতে থাকলেও অসুবিধা নেই। তাই ভবিষ্যতের কথা ভেবে সতর্কতার জন্যই এই তরুণকে আজ আবারও চিকিৎসকের কাছে পাঠানো হচ্ছে।
এ বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্টে অভিষেক হয়েছিল সৈকতের। সে ম্যাচে ৭৫ রানের দারুণ একটি ইনিংস খেলে দলের জয়ে মূল্যবান অবদান রেখেছিলেন তিনি। কিন্তু অসুস্থার কারণে আসন্ন সিরিজের দলে জায়গা পেলেও চোখের সমস্যার কারণে বাদ পড়ে যান তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হবে আগামী ২৭-৩১ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশ দলে রয়েছেন: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুমিনুল হক, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও লিটন কুমার দাস।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি