মৌলভীবাজার লকডাউন

প্রকাশিত: 1:19 PM, April 13, 2020

মৌলভীবাজার লকডাউন

 

প্রতিনিধি, মৌলভীবাজার:

সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের পর মৌলভীবাজারকেও লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। করোনা সংক্রমণ ঠেকাতে সোমবার (১৩ এপ্রিল) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন এই লকডাউন ঘোষণা করেন।

 

তবে লকডাউনের ওই নির্দেশনা আজ সোমবার বিকেল ৫টা থেকে কার্যকর হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান জেলা প্রশাসক নাজিয়া শিরিন। আর এ ঘোষণার মাধ্যমে সিলেট বিভাগের চার জেলাই আসছে লকডাউনের আওতায়। সেই সাথে দেশ থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়লো সিলেট।

 

এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে জানিয়ে জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, মৌলভীবাজার’ এর সিদ্ধান্তের আলোকে জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না। সেই সাথে বন্ধ থাকবে সকল গণপরিবহন। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এসব আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন  ওসমানীর এনজিওগ্রাম মেশিন যাচ্ছে সোহরাওয়ার্দীতে

 

এছাড়া জরুরী পরিসেবা, চিকিৎসাসেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি লকডাউনের আওতার বাইরে থাকবে।

 

এর আগে গত ১১ এপ্রিল শনিবার হবিগঞ্জ ও সিলেট এবং ১২ এপ্রিল রোববার সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেছে স্ব স্ব জেলা প্রশাসন।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ