শাহী ঈদগাহ এলাকায় আতঙ্ক: বোমা সদৃশ্য বস্তু ঘিরে রেখেছে পুলিশ

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট মহানগরীর শাহী ঈদগাহ এলাকায় একটি দোকানের সামনে বোমা সদৃশ্য একটি বস্তু ঘিরে রেখেছে পুলিশ। লাল কসটেপে মোড়ানো ওই বস্তুটি বোমা কি-না তা নিশ্চিত হওয়া না গেলেও এনিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ শাহী ঈদগাহ সড়কের একাংশে যান চলাচল বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বোমা সদৃশ্যবস্তুটি দেখতে পাওয়া যায় এলাকাবাসী জানিয়েছে।

সিলেট মহানগরীর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি এনামূল হক জানান- শাহী ঈদগাহে তার ‘এনাম এন্টারপ্রাইজ’ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি দোকান খুলতে এসে সাটারের সামনে কালো কসটেপে মোড়ানো বোমা সদৃশ্য একটি বস্তু দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন।

 বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান- বোমা সদৃশ্য বস্তুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শাহীঈদগাহ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড থেকে হাজারিবাগ গলির মুখ পর্যন্ত রাস্তা বন্ধ করে দেয়। বোমা সদৃশ্য বস্তুটির আশপাশ এলাকা ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখা হয়েছে। কসটেপে মোড়ানো বস্তুটি বোমা কি-না তা যাচাইয়ের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

মোশাররফ হোসেন আরো জানান- ধারণা করা হচ্ছে কোন জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠী এই বস্তুটি রেখে যেতে পারে। বোমা সদৃশ্য বস্তুটি দেখতে লোকজন ভিড় করলে এই সুযোগে হামলার চেষ্টা চালাতে পারে- এমন পরিকল্পনাও তাদের থাকতে পারে। তাই মাইকিং করে লোকজনকে দূরে সরিয়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন  কাঁদছে দিরাই-শাল্লা : শোকে স্তব্ধ হাওর জনপদ

এদিকে, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বিভূতিভূষণ ব্যানার্জী জানান- ঘটনাস্থল পুলিশ ঘেরাও করে রেখেছে। বোমা ডিসপোজাল টিম আসলে বস্তুটি উদ্ধার করা হবে।

সর্বশেষ সংবাদ