সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে কখনও স্থান না পাওয়ার আক্ষেপ জানালেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রেক্ষাপটে গণভবনে দলের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমি ছাত্রলীগ করলেও সব সময় পদবঞ্চিত ছিলাম। কখনও কেন্দ্রীয় কমিটির সদস্যও হতে পারিনি।
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
ছাত্রলীগের প্রশংসা করে প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কোনও কর্মসূচি দিলে ছাত্রলীগ সেটাকে সারা দেশে ছড়িয়ে দিতো। দেশের প্রতিটি সংগ্রামে ছাত্রলীগ কাজ করেছে। গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছাত্রলীগের বিশাল ভূমিকা রয়েছে। এজন্য আমি ছাত্রলীগের সাবেক ও বর্তমান সকল নেতাকর্মীকে অভিনন্দন জানাই।
এসময় গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকাণ্ডের নিন্দাও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এমপি লিটনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সুন্দরগঞ্জ জামায়াতের এলাকা। সেখানে একসময় জামায়াতের এমপি ছিলো। তাই সেখানে আওয়ামী লীগ করা খুব কঠিন। সুন্দরগঞ্জে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে তাণ্ডব চলেছে। পুরো এলাকা তাদের (জামায়াতের) কব্জায় ছিলো। সুন্দরগঞ্জে লিটনই একমাত্র নেতা, যে জামায়াতের তাণ্ডবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলো। ১৯৯৯ সালে সেখানে জামায়াতের নেতাকে সে (লিটন) সমাবেশ করতে দেয়নি। এসব কারণে তার ওপর জামায়াতের ক্ষোভ ছিলো। অবশেষে তারা এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটালো। যারাই জামায়াতের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তাদের ওপরই তারা ক্ষোভ ঝেড়েছে। দুর্ভাগ্য, তাদের ক্ষোভের কারণে আমরা একজন এমপি হারালাম।
প্রধানমন্ত্রী আরও বলেন, লিটনের ওপর বারবার হামলা হয়েছে। একটি শিশুকে নিয়ে তাকে ঘিরে পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে। অথচ প্রকৃত ঘটনা কেউ তুলে আনেনি। কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার অস্ত্র জব্দ করা হয়েছে। অস্ত্র জব্দের পর সে আতঙ্কে থাকতো। আর সেটাই কাল হলো।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি