সিলেট | |
প্রকাশিত: 9:25 PM, November 1, 2023
সর্বশেষ একাদশ সংসদ নির্বাচনের আগে তৎকালীন সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ২০১৮ সালের ১ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এর এক সপ্তাহ পরে ৮ নভেম্বর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। দশম সংসদ নির্বাচনের আগে তৎকালীন সিইসির নেতৃত্বে ২০১৩ সালের ১৯ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হয়। তার এক সপ্তাহের মাথায় ২৫ নভেম্বর ভোটের তফসিল ঘোষণা করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী মাসের মাঝামাঝি সময়ে ঘোষণা ও জানুয়ারির প্রথম দিকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।
সবকিছু বিবেচনায় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আবারও সংলাপের উদ্যোগ নিয়েছে ইসি। জানা গেছে, আগামী ৪ নভেম্বর সকালে নির্বাচন ভবনে এসব দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর সংলাপের বিষয়ে গণমাধ্যমে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এই সংলাপের আয়োজন করা হচ্ছে। নিবন্ধিত সবগুলো দলকে দুই ভাগে সংলাপের জন্য ডাকা হবে।
মঙ্গলবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে দলগুলো সংলাপের মাধ্যমে সঙ্কট সমাধানের পথ খুঁজে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এমন প্রেক্ষাপটে গতকালই রাজনৈতিক দলগুলোকে নিয়ে আবারও সংলাপে বসার উদ্যোগের কথা জানাল নির্বাচন কমিশন।
ব্যালট পাঠানোর সময় নিয়ে ভাবনা
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির মধ্যে হরতাল-অবরোধ কর্মসূচি ঘিরে গত সোমবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে বৈঠক করেছে ইসি। রাজনৈতিক কর্মসূচির মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠক সূত্র জানা গেছে, সভায় সংসদ নির্বাচনের ব্যালট কখন পাঠানো হবে তা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া, আলোচ্যসূচিতে ১৯টি বিষয়ও ছিল। এর মধ্যে অবৈধ অস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণ, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি, সংখ্যালঘুদের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি, ভোট কেন্দ্র, রিটার্নিং অফিসারসহ নির্বাচন কর্মকর্তাদের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সিইসি ও নির্বাচন কমিশনাররা বেশকিছু নির্দেশনাও দিয়েছেন।
ভোট আয়োজনে কোনও প্রতিবন্ধকতা নেই
নভেম্বরের প্রথমার্ধে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির মধ্যে বিরাজমান পরিবেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত ভালো বলে কমিশনকে পর্যবেক্ষণ দিয়েছে। ভোট আয়োজনে কোনও প্রতিবন্ধকতা নেই। গত সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা সভা হয়েছে। সভায় চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। বেলা ১১টা থেকে শুরু হয়ে আড়াই ঘণ্টা বৈঠক চলে। আইনশৃঙ্খলা সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিব, র্যাব, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, গোয়েন্দা সংস্থার শীর্ষ ব্যক্তি ও প্রতিনিধিরা অংশ নেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি