সিলেট | |
প্রকাশিত: 5:26 PM, March 7, 2020
প্রভাতবেলা ডেস্ক:
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে।
দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। মুজিব জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মিটু চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা স্বতস্ফূর্তভাবে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এরপর প্রশাসন ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর, জাতীয় দিবস উদযাপন কমিটি, ডিন কাউন্সিল, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, হল প্রভোস্টবৃন্দ, প্রক্টরিয়াল বডি, বাংলাদেশ ছাত্রলীগ, কর্মচারী পরিষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
এরপর সিকৃবি’র কেন্দ্রীয় মিলনায়তনে আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিব জন্মশতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. আবদুল বাসেতের সভাপতিত্বে ও গণতান্ত্রিক শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. আতিকুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।
এ সময় আরো বক্তব্য দেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, অফিসার পরিষদের সভাপতি মো. আনিছুর রহমান, ফিজিওলোজি বিভাগের সহকারী প্রফেসর ডা. সাইফল ইসলাম, কর্মচারী পরিষদের প্রতিনিধি মো. শামসুল ইসলাম প্রমুখ।
বক্তারা ৭ মার্চের ভাষণকে বাংলাদেশের স্বাধীনতার প্রাথমিক ডাক হিসেবে উল্লেখ করেন। জাতির পিতার এই বক্তব্যকে অন্ধকারাচ্ছন্ন বাঙালির আলোকবর্তিকা হিসেবে উল্লেখ করা হয়। আলোচনা সভার মাঝখানে ৭ মার্চের ভাষণ নিয়ে ৩টি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি