স্নাতক পর্যন্ত অবৈতনিক ও মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করা হবে

প্রকাশিত: 8:22 PM, May 10, 2017

স্নাতক পর্যন্ত অবৈতনিক ও মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করা হবে

প্রভাতবেলা প্রতিবেদক: বিএনপির শিক্ষানীতি হবে জীবনমুখী, ডিগ্রিমুখী নয় বলে জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার বিকেলে রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কীভাবে দেশ পরিচালনা করবে- তার রূপকল্প ‘ভিশন ২০৩০’ দেশবাসীর সামনে তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

খালেদা জিয়া বলেন, দেশে ব্যবস্থাপক, ব্যবসায়-প্রশাসক, কারিগরি ও অন্য ধরনের বিশেষজ্ঞ পর্যায়ের মানবসম্পদের ঘাটতির ফলে বিপুলসংখ্যক বিদেশি বিভিন্ন ব্যবসায়ও নিয়োজিত হয়েছে এবং হচ্ছে। এরা দেশ থেকে নিজ নিজ দেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করছে।

তিনি বলেন, এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য দেশে প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ সৃষ্টি করতে হবে। দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে বিএনপি যাবতীয় প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করবে।

শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণের জন্য টিভিতে একটি পৃথক শিক্ষা চ্যানেল চালু করা হবে বলেও জানান বিএনপি চেয়ারপারসন।

আরও পড়ুন  বিশ্বনাথে আ’লীগের দু’পক্ষ মুখোমুখি: ১৪৪ ধারা জারি

এছাড়া এক দশকের মধ্যে নিরক্ষরতা দূর করা হবে জানিয়ে তিনি বলেন, শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ অর্থ ব্যয় করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-সংসদ নির্বাচন নিশ্চিত করে ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশের পথ সুগম করা হবে।

খালেদা জিয়া বলেন, ছেলে-মেয়েদের জন্য স্নাতক ও সমপর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা হবে। এছাড়া মাদরাসা শিক্ষাকে আরো আধুনিকায়ন ও যুগোপযোগী করা হবে।

সর্বশেষ সংবাদ