সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হঠাৎ শ্বাসকষ্ট ও অসুস্থতাবোধ করায় বঙ্গবন্ধু মেডিকেলে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে বলছে, ওবায়দুল কাদেরের শ্বাসকষ্ট কমে যাওয়ার পাশাপাশি রক্তচাপও স্বাভাবিক রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টা তাকে কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হবে।
এ বিষয়ে জানতে বিএসএমএমইউর উপাচার্য (ভিসি) কনক কান্তি বড়ুয়া জানান, ওবায়দুল কাদেরের শ্বাসকষ্ট কমে গেছে এবং রক্তচাপ স্বাভাবিক রয়েছে। তবে তাকে আগামী ২৪ ঘণ্টা বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হবে।
এছাড়া আসার পরপরই ওনার (ওবায়দুল কাদের) রক্ত পরীক্ষা-ইসিজিসহ বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্ট হাতে পেয়ে বাকি চিকিৎসা দেওয়া হবে বলেও জানান ভিসি কনক কান্তি বড়ুয়া।
জানা যায়, বর্তমানে প্রফেসর আলী আহসান এবং ডা. আবু নছর রিজভীর তত্ত্বাবধানে রয়েছেন। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তাকে এক দিন হাসপাতালে থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভার মূলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ওবায়দুল কাদের সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে পৌঁছান। কার্যালয়ে প্রবেশের কিছু পরেই তিনি অসুস্থ বোধ করেন। তখনই চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউতে নেয়া হয়।
উল্লেখ্য, গত বছরের ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনীতে তিনটি ব্লক পান চিকিৎসকরা।
উন্নত চিকিৎসার জন্য গত বছরের ৫ মার্চ তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। গত ২০ মার্চ ওই হাসপাতালের কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সেতুমন্ত্রীর বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। দীর্ঘ এক মাস পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে থাকার পর গত ৫ এপ্রিল সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি