কবি রাধাপদের ওপর হামলা: অভিযুক্ত রফিকুল গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩

কবি রাধাপদের ওপর হামলা: অভিযুক্ত রফিকুল গ্রেপ্তার

প্রভাতবেলা ডেস্ক:

কুড়িগ্রামে কবি রাধাপদ রায়ের ওপর মূল হামলাকারী হিসেবে অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের শেখ রাসেল অডিটোরিয়াম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রফিকুল ইসলাম নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

 

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, ‘আমরা রাধাপদ রায়ের ওপর হামলাকারী আসামিদের মধ্যে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অন্যজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

গত শনিবার সকালে রাধাপদ বাড়ির পাশের ডুবুরির ব্রিজের কাছে মাছ ধরতে গেলে দুই ভাই রফিকুল ইসলাম ও কদুর রহমান তাঁর ওপর অতর্কিত হামলা করে মারধর করেন। এ সময় রাধাপদের চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

রাধাপদের ছেলে জুগল রায় বলেন, ‘প্রায় ৭ বছর আগে আমার বড় ভাইয়ের সাথে অন্য একজনের লেনদেন ছিল। সে সময় ওই ব্যক্তির পক্ষ নিয়ে কদুর রহমান আমাদের বাড়িতে এসে অকথ্যভাষায় গালিগালাজ করে। সেদিন বাবা এসব শুনে প্রতিবাদ করলে আমার বাবাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যায় কদুর।’

আরও পড়ুন  মুন্সিগঞ্জে পিস্তল, গুলি ও ইয়াবাসহ আটক ৪

 

জুগল বলেন, ‘এরপর থেকেই তাঁরা আমার বৃদ্ধ বাবাকে প্রাণে মারার জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়াসহ আক্রমণের সুযোগ খুঁজছিল। আমার বৃদ্ধ বাবাকে তাঁরা যেভাবে মেরেছে, তা বলে শেষ করতে পারব না। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।’

 

রাধাপদ রায়ের স্ত্রী মিনতি রানী বলেন, ‘আমরা গরিব বলে কি আমাদের সমাজে কোনো দাম নাই? আমার স্বামী বিভিন্ন জায়গায় কবিতা বলে, গান গেয়ে যে কয় টাকা আয় করে, তা দিয়ে আমাদের সংসার চলে। তাঁর ওপর এভাবে অত্যাচার করেছে। আমি ওই সন্ত্রাসীদের বিচার চাই।’

 

এই ঘটনায় দুই ভাইকে আসামি করে কবির ছেলে জুগল রায় নাগেশ্বরী থানায় একটি মামলা করেন। ঘটনার পর থেকে রফিকুল ও কদুর রহমান পলাতক ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ