নেত্রকোনার সেই বাড়িতে মিলেছে বোমা তৈরির সরঞ্জাম

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুন ৯, ২০২৪

নেত্রকোনার সেই বাড়িতে মিলেছে বোমা তৈরির সরঞ্জাম
প্রভাতবেলা ডেস্ক: নেত্রকোনা সদর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে বোমা তৈরির সরঞ্জাম মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

বাড়িটিতে তল্লাশি চলাকালে রোববার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শাহ আবিদ হোসেন সাংবাদিকদের জানান, বাড়ির ভেতর আমরা যে বিষয়গুলো দেখেছি তা দেখে আমাদের মনে হয়েছে এটা জঙ্গি সংশ্লিষ্টতা। এখানে বিভিন্ন ধরনের জিহাদি বই, এক্সপ্লোসিভ, ডেটোনেটরসহ প্রশিক্ষণের জন্য বিভিন্ন সরঞ্জাম রয়েছে।

তিনি বলেন, আমাদের কাছে মনে হয়েছে যে বাড়ির ভেতর তারা নিবিড়ভাবে প্রশিক্ষণ দিত। আমরা এরকম বিভিন্ন ধরনের আলামত পেয়েছি। এখনি বিস্তারিত কিছু বলতে পারব না। আমাদের অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে। অভিযান শেষে সবকিছু জানাতে পারবো।

ডিআইজি আরও বলেন, সেখানে যেহেতু এক্সপ্লোসিভ আছে তাই ওই জায়গাটা খুব বিপদজনক। খুব সাবধানে কাজ করতে হচ্ছে। আল্লাহ না করুক, যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে মারাত্মক ধরনের বিপর্যয় হবে।

আরও পড়ুন  এক এমপি’র করোনা পজিটিভ: ভবন লকডাউন

অভিযান কখন শেষ হতে পারে জানতে চাইলে ডিআইজি বলেন, কত সময় লাগতে পারে, এটা এখনও বলা যাচ্ছে না। তবে আজকে সারাদিন লাগতে পারে।

আজ রোববার সকাল সাড়ে ৮টা থেকে ঢাকার বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের সঙ্গে নিয়ে এন্টি টেররিজম ইউনিট, সোয়াটসহ পুলিশের প্রায় দেড়শ সদস্য কাইলাটী ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের ওই বাড়িতে অভিযান শুরু করে।

এর আগে শনিবার দুপুর ১টা থেকে ভাসাপাড়া গ্রামের ওই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একপর্যায়ে অভিযান পরিচালনা করে পুলিশ। তখন সেখান থেকে একটি পিস্তল, ১৭টি গুলি, বেশকিছু জিহাদি বই ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হয়, আগেই সেখানকার বাসিন্দারা সটকে পড়েছেন।

এদিকে অভিযান চলার মধ্যেই শনিবার রাত ১০টায় নেত্রকোনা শহরের বনুয়াপাড়া এলাকার নেওয়াজ নগরে একটি চারতলা ভবন জঙ্গি আস্তানা সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রাখে।

আরও পড়ুন  ছাগলনাইয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, রাত ৯টার দিকে বাড়িটির তৃতীয় তলার ভাড়াটিয়া সাইফুল ইসলামের ফ্ল্যাটের তালা ভেঙে অভিযান চালানো হয়েছে। সাইফুল ইসলামের বাড়ি শরীয়তপুরে। তবে ফ্ল্যাটে কাউকে পাওয়া যায়নি। আপাতত পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। পরে সেখানেও অভিযান চালানো হবে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ