বেসরকারি স্কুলে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, অতিরিক্ত অর্থ নিলে এমপিও বাতিল

প্রকাশিত: 11:12 PM, November 11, 2026

বেসরকারি স্কুলে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, অতিরিক্ত অর্থ নিলে এমপিও বাতিল

প্রভাতবেলা প্রতিবেদক::

একই শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হলে তার কাছ থেকে পুনঃভর্তি ফি বা অতিরিক্ত ফি নেওয়া যাবে না|এই নীতিমালা ভঙ্গ করলে তাদের এমপিও সুবিধা বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায়ও নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়।

নীতিমালা অনুযায়ী, অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির ক্ষেত্রে ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত সব শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন ফরম বাবদ সর্বোচ্চ ২০০ টাকা আদায় করতে পারবে।

আরও পড়ুন  বিশ্বে করোনায় ২৮ লাখের বেশি মানুষের মৃত্যু

এ ছাড়া সেশন চার্জসহ ভর্তি ফির সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়। মফস্বল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদর পৌর এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগরে ৩ হাজার টাকা নেওয়া যাবে।

ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ১০ হাজার টাকা আদায় করা যাবে। এসব ফির মধ্যে মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফি অন্তর্ভুক্ত থাকবে। তবে উন্নয়ন ফির নামে ৩ হাজার টাকার বেশি আদায় করা যাবে না।

নীতিমালায় বলা হয়েছে, একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে ওঠা শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ফি যথাসম্ভব মওকুফের ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন  বোমার স্প্রিন্টারেই র‌্যাব গোয়েন্দা প্রধানের মৃত্যু

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বেতন ও টিউশন ফি বাড়ানোর ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৭ অক্টোবর জারি করা পরিপত্র অনুসরণ করতে হবে। সরকার নির্ধারিত সীমার বাইরে ভর্তি ফরম ও ভর্তি ফি বাবদ অর্থ আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ নির্দেশনা অমান্য করলে এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভর্তি নীতিমালায় আবেদন গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর শ্রেণিভিত্তিক বিক্রি ও জমা পড়া আবেদন ফরমের সংখ্যা নির্ধারিত ছকে ভর্তি কমিটির কাছে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রেণির আগের শ্রেণির জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই অনুসরণ করতে হবে। প্রশ্নপত্র হতে হবে মানসম্মত ও শ্রেণি উপযোগী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ