কুলাউড়ায় নারীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: 5:25 PM, November 23, 2023

কুলাউড়ায় নারীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই
মৌলভীবাজারের কুলাউড়ায় মহাসড়কের গতিরোধকে গাড়ি থামিয়ে এক নারীকে প্রকাশ্যে কুপিয়ে ২ লাখ টাকা নিয়ে গেছে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা।

 

বুধবার দুপুর ১টার দিকে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সালেহা আক্তার নামে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সালেহা জুড়ী উপজেলার বাহাদুরপর গ্রামের বাসিন্দা।

 

জানা যায়, সালেহা আক্তার তাঁর ভাশুরের ছেলে মোহাম্মদ হোসাইনকে নিয়ে সকাল সাড়ে ১০টায় কুলাউড়া পূবালী ব্যাংকে আসেন টাকা তুলতে। সেখান থেকে তিনি ২ লাখ টাকা উত্তোলন করে শহরের ঘাটেরবাজার স্ট্যান্ড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে বাড়ি ফিরছিলেন। উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে এসে অটোরিকশার গতিরোধ করে একটি মোটরসাইকেল। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহী অটোরিকশা চালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ফাঁকে সালেহা আক্তারের টাকাভর্তি ব্যাগ নিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে সালেহাকে কুপিয়ে আহত করে ব্যাগটি ছিনিয়ে নেয় তারা।

আরও পড়ুন  নাগরিকদের দালাল ও মধ্যসত্তভোগী মুক্ত করতে সরকার কাজ করছে

 

গুরুতর আহত সালেহা আক্তারের স্বজন মোহাম্মদ হোসাইন জানান, তাঁর চাচিকে মৌলভীবাজার হাসপাতাল থেকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাচ্ছেন। এর পর এ ব্যাপারে থানায় মামলা করা হবে।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মইনুল ইসলাম জানান, ওই নারীর বাঁ হাত ও ডান পায়ের উরুতে আঘাতের গভীর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক জানান, ঘটনাটি তারা জেনেছেন। সিসিটিভি ফুটেজ দেখে ওই তিনজনকে শনাক্তের চেষ্টা চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ