চেনা গল্পে অচেনা ক্যাটরিনা

প্রকাশিত: 1:13 PM, January 4, 2024

চেনা গল্পে অচেনা ক্যাটরিনা
আনন্দ ঝর্ণা ডেস্ক: বলিউডের তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গেল বছর তাঁকে দেখা গেছে ‘টাইগার ৩’ ছবিতে; এবার আসছে এই অভিনেত্রীর নতুন ছবি ‘মেরি ক্রিসমাস’। নতুন ছবি ঘিরে রয়েছে ভক্তদের দারুণ কৌতূহল। কারণ এতে দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা। সিনেমার পরিচালক শ্রীরাম রাঘবন। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘বদলাপুর’ ও ‘আন্ধাধুন’-এর মতো সিনেমা।

 

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। প্রতিবারের মতো এবারও পরিচালক নিজের চেনা ছাপ রেখেছেন। সিনেমায় রয়েছে রোম্যান্সের সঙ্গে সাসপেন্স; আরও আছে সারপ্রাইজ। ট্রেলার দেখে আন্দাজ করা যায়, বলিউডের নতুন জুটি ক্যাটরিনা ও বিজয় দর্শকদের সেরা সিনেমা উপহার দিতে চলেছেন। সম্প্রতি সিনেমাটি নিয়ে ভারতীয় একাধিক গণমাধ্যমে কথা বলেছেন ক্যাটরিনা। সেখানে তিনি জানিয়েছেন, ‘এই ছবির শুটিংয়ের সময় তাঁকে কাঁদতে কাঁদতে শুটিং ফ্লোর ছেড়ে যেতে হয়েছিল।’

 

এর আগেও থ্রিলার ঘরানার সিনেমায় অভিনয় করেছেন ক্যাট। কিন্তু তাঁর মতে, এই ছবি তাঁকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছিল। কারণ ছবিতে হিন্দির পাশাপাশি তামিল সংলাপও রয়েছে এবং পরিচালক ক্যাটরিনার জন্য ডাবিং করতে নারাজ ছিলেন।

আরও পড়ুন  আমাকে কাজ ছাড়তে বাধ্য করা হয়েছে : স্বাগতা

 

ক্যাটরিনার ভাষ্যে, ‘আমি তামিল বলতে পারি না। খুব কঠিন ভাষা। আমি ভেবেছিলাম, নির্মাতা আমায় ছাড় দেবেন। কিন্তু তিনি দেননি। ছবির দৃশ্যধারণের সময় নির্মাতা শ্রীরাম আমাকে বলেছিলেন কাল থেকে তামিল।’ এ প্রসঙ্গে ক্যাটরিনা মজার ছলে বলেন, ‘আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম। পরের দিন সেটে এসেও কেঁদে ফেলি। তাঁর কাছে অনুরোধ করেছিলাম, যাতে আমাকে তামিল বলতে না হয়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।’ ক্যাটরিনা জানান, তামিল প্রশিক্ষক থাকার জন্য তিনি শেষ পর্যন্ত সংলাপগুলো রপ্ত করতে পেরেছিলেন।

 

সিনেমার গল্প প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘ক্রিসমাসের আগের সন্ধ্যায় হঠাৎ কাউকে পেয়ে যাওয়া। ভালো লাগা, একসঙ্গে ক্রিসমাস কাটানো। অন্তরঙ্গ মুহূর্ত। এরপর নানা ঘটনাক্রমের পর দেখা যায় তারা দুজনই দারুণ বিপদে।’

 

‘মেরি ক্রিসমাস’ সিনেমাটির হিন্দি সংস্করণে দেখা যাবে সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কন্নন ও টিনু আনন্দকে। অন্যদিকে ছবি তামিল সংস্করণে ওই একই চরিত্রগুলোয় দেখা যাবে– রাধিকা শরৎকুমার, সনমুগরজা, কেভিন জয় বাবু ও রাজেশ উইলিয়ামসকে। এছাড়া সিনেমায় ডেবিউ করবে শিশুশিল্পী পরী। এখন ক্যাটরিনা এবং বিজয়ের জুটি দর্শকদের পছন্দ হয় কিনা, তা বোঝা যাবে আগামী ১২ জানুয়ারি। সেদিনই মুক্তি পাবে সিনেমাটি।

সর্বশেষ সংবাদ