যাদুকাটায় বালু উত্তোলন

প্রকাশিত: 12:23 AM, October 21, 2026

যাদুকাটায় বালু উত্তোলন

তাহিরপুর প্রতিনিধি: উচ্চ আদালতের নির্দেশনার পর সুনামগঞ্জের তাহিরপুরের বহুল আলোচিত যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে পুনরায় বালু উত্তোলনের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। দুই বালুমহালের ইজারামূল্য বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৪২ কোটি ৬৬ লাখ টাকা।

চলতি ১৪৩৩ বাংলা সনের অবশিষ্ট সময়ের জন্য এ অনুমতি দেওয়া হয়েছে। সময়সীমা ১ অক্টোবর ২০২৬ থেকে ১৩ এপ্রিল ২০২৭ পর্যন্ত। মঙ্গলবার উপজেলা প্রশাসন বালুমহাল দুটির সীমানা নির্ধারণ করে ইজারাদারের কাছে বুঝিয়ে দেয়। এতে স্থানীয় বাসিন্দা, শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বালু উত্তোলন ঘিরে যাদুকাটা এলাকায় আবারও কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর ইজারার মেয়াদ শেষ হওয়ায় যাদুকাটা নদীর বালুমহাল থেকে বালু উত্তোলন বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। পরে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে যাদুকাটা-১ বালুমহাল ১৫ কোটি ৮৩ লাখ ১৪ হাজার ৬৯ টাকা এবং যাদুকাটা-২ বালুমহাল ২৬ কোটি ৮৩ লাখ ২১ হাজার ৩৫৩ টাকা ইজারামূল্যে ইজারা পান তাহিয়া স্টোন ক্রাশারের স্বত্বাধিকারী নাসির মিয়া। দুই মহালের মোট ইজারামূল্য দাঁড়ায় ৪২ কোটি ৬৬ লাখ ৩৫ হাজার ৪২২ টাকা।

আরও পড়ুন  ভিসা নীতি শিক্ষার্থীদের বিদেশ গমনে প্রভাব ফেলবে না: সিলেটে শিক্ষামন্ত্রী

তবে ইজারা দেওয়ার পর সাবেক দুই ইজারাদার রতন মিয়া ও শাহ রুবেল উচ্চ আদালতে রিট করলে বালুমহাল দুটির কার্যক্রমে স্থগিতাদেশ আসে। পরে সাবেক ইজারাদার শাহ রুবেল তাঁর রিট প্রত্যাহার করে নেন। অন্যদিকে, রতন মিয়ার রিটের পরিপ্রেক্ষিতে দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে ইজারাদার নাসির মিয়া আপিল করলে আদালত ১৫ দিনের জন্য ওই স্থগিতাদেশ স্থগিত করেন।

এরপর সোমবার (১৯ অক্টোবর) জেলা প্রশাসনের রাজস্ব শাখার নির্দেশনায় তাহিরপুর উপজেলা প্রশাসন বালুমহাল দুটির সীমানা নির্ধারণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী ও সহকারী কমিশনার (ভূমি) ইজারাদারকে মহাল দুটির সীমানা ও দখল বুঝিয়ে দেন। বাংলা বছরের অবশিষ্ট সময়, অর্থাৎ ৩ কার্তিক থেকে ৩০ চৈত্র ১৪৩৩ পর্যন্ত বালু উত্তোলনের অনুমতি কার্যকর থাকবে।

এদিকে, বালুমহাল দুটির ইজারামূল্যের সঙ্গে আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ অর্থও সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা জানানো হয়েছে। তবে উত্তোলিত বালুর সরকারি রয়্যালটি আদায়ের মূল্যতালিকা সোমবার সন্ধ্যা পর্যন্ত মহাল দুটির দৃশ্যমান স্থানে টাঙানো হয়নি বলে জানা গেছে।

আরও পড়ুন  বিয়ানীবাজারে ১ হাজার পিস ইয়াবা সহ আটক ২

সীমানা নির্ধারণ ও দখল বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইজারাদার নাসির মিয়া বলেন, নীতিমালা মেনেই আমাদের কার্যক্রম পরিচালিত হবে। যাদুকাটা নদীতে কাউকে কোনো অনিয়ম করতে দেওয়া হবে না। আমাদের পক্ষ থেকে কঠোরভাবে পাড় কাটা প্রতিহত করা হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ইজারাদারকে বালুমহাল দুটির সীমানা ও দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। নীতিমালা ও সরকারি নির্দেশনা মেনেই বালু উত্তোলন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ