শেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির দুই সদস্য নিহত

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৬

সংবাদদাতা, বগুড়া: বাংলাদেশে বগুড়া জেলার শেরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানাচ্ছে পুলিশ।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ এরফান  জানিয়েছেন, নিহতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বা জেএমবির সদস্য এবং তাঁরা শেরপুরে জঙ্গি হামলার প্রস্তুতি নিচ্ছিল।

পুলিশ জানিয়েছে রবিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে শেরপুরের বিশালপুর ইউনিয়নের নলুয়াপাড়া সড়ক মোড়ের পশ্চিম পাশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ এরফান।

নিহতদের একজন জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখার কমান্ডার, তার নাম খালেদ হাসান ওরফে বদর মামা। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হামিদপুর গ্রামে।

অপরজনের আংশিক পরিচয় জানতে পেরেছে পুলিশ । নিহত আরেকজনের নাম রিপন ও তার বাড়ি রাজশাহী বলে জানিয়েছে পুলিশ।

এরফান জানান, জেএমবির সদস্যরা বিশালপুর ইউনিয়ন এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

আরও পড়ুন  লন্ডনে টিউলিপের গাড়ি ভাঙচুর

পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবির সদস্যরা গুলি ছোড়ে এবং পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

এতে দুজন জঙ্গি আহত হলে তাদের জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তবে ঘটনাস্থালে থাকা আরও চার-পাঁচজন জঙ্গি অভিযান চলাকালে পালিয়ে গেছেন বলে জানাচ্ছেন পুলিশ কর্মকর্তা খান মো: এরফান।

ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, চারটি গুলি ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

‘বন্দুকযুদ্ধে’ আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এবং তাঁরা বগুড়ার পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, নিহত জঙ্গি খালেদ হাসান ওরফে বদর মামা দিনাজপুরে দুই মন্দিরে হামলা ও ইতালীয় নাগরিককে হত্যাচেষ্টা মামলার আসামি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ