সিলেট-লন্ডন রুটে সরাসরি বিমান চলাচল শুরু

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

সিলেট-লন্ডন রুটে সরাসরি বিমান চলাচল শুরু

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট-লন্ডন রুটে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। এর মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত সিলেট প্রবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন পুরণ হলো।

রোববার দুপুর ১২ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি-০০১ বোয়িং সিলেট থেকে ১৮২ এবং ঢাকার ৫৬ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্য সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানটি টানা ১২ ঘন্টা যাত্রা করে লন্ডন সময় সন্ধ্যা ৬টা ও বাংলাদেশ সময় রাত ১২টায় লন্ডনের হিথরো বিমানবন্দরে সরসরি অবতরণ করবে বলে জানিয়েছেন বিমান সংশ্লিষ্টরা।

এর আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে সিলেট-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট চালু উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, দেশের সাথে প্রবাসীদের যোগসূত্র স্থাপনে বিমান ব্রিজ হিসেবে কাজ করে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বদিচ্ছা ও আন্তরিকতায় সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হয়েছে। এটি হচ্ছে মুজিব বর্ষে লন্ডনে বসবাসরত সিলেটি প্রবাসীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার। এজন্য মন্ত্রী সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

আরও পড়ুন  সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর খুন

তিনি বলেন, বিমানের গৌরব পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নিবিড় তত্বাবধানে তিনি চ্যালঞ্জ হিসেবে কাজ করছেন। বিমানে শুদ্ধি অভিযান চালিয়ে এ প্রতিষ্ঠানকে লোকসানে হাত থেকে রক্ষা করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে বিগত এক বছরে বিমানের সমস্ত দায় দেনা পরিশোধ করে মাত্র তিনমাসের আয় দিয়ে ২৭৩ কোটি টাকা লাভ করতে সক্ষম হয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক এম ডি শাহ নেওয়াজ মজুমদার জানান, আগামী ২৯ অক্টোবর বিমানের আরেকটি ফ্লাইট লন্ডনের উদ্দেশ্য ছেড়ে যাবে। আর আগামী মাস অর্থ্যাৎ নভেম্বর থেকে প্রতি বুধবার সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট নিয়মিত চলবে।

সর্বশেষ সংবাদ