ওয়ান্ডারার্সকে হারিয়ে লিগে ১ম জয়ের দেখা পেলো অ্যাপোলো ইলেভেন

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৪

ওয়ান্ডারার্সকে হারিয়ে লিগে ১ম জয়ের দেখা পেলো অ্যাপোলো ইলেভেন

তানজীল শাহরিয়ার :

মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র ৩২তম ম্যাচে ওয়ান্ডারার্স ক্লাবকে ৩৭ রানে হারিয়েছে অ্যাপোলো ইলেভেন ক্লাব। অবনমনের শঙ্কায় থাকা অ্যাপোলো ইলেভেন এই ম্যাচ জয়লাভ করে টিকে থাকার লড়াইয়ে শামিল হলো। ৭ম ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে অ্যাপোলো ইলেভেন।

টসে জিতে ওয়ান্ডারার্স অ্যাপোলো ইলেভেনকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ২য় অভারেই অভিষেক অপেনার শাহরিয়ারকে ফিরিয়ে দিয়ে ১ম ধাক্কা দেন অ্যাপোলোকে। তবে, এরপর ২য় উইকেট জুটিতে প্রকাশ এবং আহনাফ ২৮ রান তুলে ইনিংসকে খানিকটা দাঁড়ানোর শক্তি যোগান।

এই জুটি ভাঙার পরে অ্যাপোলোর ব্যাটাররা যেন উইকেটে আসা যাওয়ার মিছিল শুরু করেছিলেন। ৩৩/২ থেকে ৩৭.৩ অভারে তাদের স্কোর দাঁড়ায় ১০৫/৮! এই অবস্থা থেকে দলকে লড়াই করার মত পূঁজি এনে দেন ট্যাইল এন্ডের ব্যাটাররা।

৯ম উইকেটে ৩০, ১০ম উইকেটে ৩৩ রান আসে। অধিনায়ক সুজন, রুমি এবং সাহান — এই তিনজনের সম্মিলিত প্রচেষ্টায় অ্যাপোলো প্রতিপক্ষকে বল করার মত সংগ্রহ দাঁড় করাতে পেরেছে।

আরও পড়ুন  জাফলংয়ে পাথর ভাঙার ৬৭টি যন্ত্রের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

৪৯ অভারে সব উইকেট খুইয়ে ১৭৮ রান তোলে অ্যাপোলো ইলেভেন।

সুজন ২৫, রুমি ২৪, তুহিন ২৪, রনি ২০, সাহান ১৯, প্রকাশ ১৮ রান করেন।

ওয়ান্ডারার্সের অজিত ২৭ রান দিয়ে ৪ উইকেট দখল করেন। লাবিদ এবং অভিষেক ২টি করে, শাজাদ এবং মিনহাজ ১টি করে উইকেট লাভ করেন।

 

১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ম অভারেই উইকেট হারায় ওয়ান্ডারার্স। সুজন এবং সাইফুরের বোলিংয়ে ওয়ান্ডারার্সের ব্যাটাররা হিমশিম খেতে থাকেন। মাত্র ৫৪ রানে ৬ উইকেট খুইয়ে খাদের কিনারায় চলে যায় ওয়ান্ডারার্স।

৭ম উইকেটে ৫৩ রান যোগ করে বিপর্যয় সামাল দেন অভিষেক এবং জাহিদ। জাহিদের বিদায়ের পর অভিষেক তৌহিদকে নিয়ে ২৩ রানের জুটি গড়লেও শেষ পর্যন্ত ওয়ান্ডারার্স ম্যাচ থেকে ছিটকে যায়। এক প্রান্তে অভিষেক দায়িত্বশীল ব্যাটিং করলেও অন্য প্রান্তে যোগ্য সঙ্গীর অভাবে দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি।

অভিষেক শেষ ব্যাটার হিসাবে রান আউট হলে ওয়ান্ডারার্সের ইনিংসের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন  হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

৪৮.৩ অভারে সব উইকেট খুইয়ে ১৪১ রান সংগ্রহ করে ওয়ান্ডারার্স।

অভিষেক ৬৫ রান করেছেন, জাহিদ ১৫, মাহদিন ১২, তৌহিদ ১০ রান করেন।

সুজন ৯ অভার বল করে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। সাইফুর এবং মিফতা ২টি করে, রনি, রুমি, আহনাফ ১টি করে উইকেট লাভ করেন।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অ্যাপোলো ইলেভেন ক্লাবের অধিনায়ক সুজন।

 

সর্বশেষ সংবাদ