সিলেট | |
প্রকাশিত: 4:09 PM, April 1, 2017
প্রভাতবেলা প্রতিবেদক: ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নুরুল আলম নুরুর (৪৫) ‘গুলিবিদ্ধ’ মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ।
ওসি কেফায়েত উল্লাহ জানান, নুরুর পরিবার মামলা করতে সম্মত না হওয়ায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।
শুক্রবার গভীর রাতে রাউজান থানার উপ-পরিদর্শক (এস আই) মো.কামাল বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ বলেন, আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাদের কাছ থেকে মামলা দায়েরের বিষয়ে সদুত্তর পাইনি। এরপর আমরা নিজেরাই মামলা করেছি।
দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের খেলাঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে নুরুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নুরুর বাড়ি রাউজান উপজেলার গুজরা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের কমলার দিঘীর পাড় এলাকায়। নুরু উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক পদে ছিলেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে নুরুকে নগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকায় তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
পরদিন বিকেলে মরদেহ উদ্ধারের পর রাউজান থানার ওসি জানিয়েছিলেন, তার মাথায় গুলির চিহ্ন আছে। সারা শরীরে আঘাতের চিহ্ন আছে। হাত-পা রশি দিয়ে বাঁধা। তার পরণে ছিল লুঙ্গি। শার্ট দিয়ে চোখ বাঁধা। মুখের ভেতর ওড়না ঢোকানো পাওয়া গেছে।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সাংসদ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী অভিযোগ করেন, জেলা পুলিশের একটা সশস্ত্র টিম চকবাজারের কাতালগঞ্জের বাসা থেকে নুরুকে তুলে নিয়ে যায়। টিমের কয়েকজন জেলা পুলিশের ইউনিফর্ম পড়া ছিল। কয়েকজন ছিল সিভিল পোশাকে। রাউজান থানার নোয়াপাড়া ফাঁড়ির এস আই জাবেদ টিমের নেতৃত্ব দেয়।
তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।
নুরুর বিরুদ্ধে রাউজান থানায় দুইটি হত্যা, একটি বিস্ফোরকসহ চারটি মামলা আছে।
শুক্রবার নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে নুরুর জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি