সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ আজ। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পযন্ত ভোটগ্রহণ চলবে। শুক্রবার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে।
দুটি আসনেই প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা। ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকায় নির্দিষ্ট যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
সভা-সমাবেশও নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মাঠে রয়েছেন। ৩ সেপ্টেম্বর এ দুটি আসনের তফসিল ঘোষণা করে ইসি। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও এ দুটি আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ইসি।
নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে বলে দাবি করেছেন ঢাকা-৫ আসনের রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দীন। তিনি বলেন, সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। নির্বাচনী পরিবেশ নিয়ে এ মুহূর্তে কোনো অভিযোগ পাইনি। সব কেন্দ্রে নিরাপদে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পৌঁছেছে। মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য টহল দিচ্ছেন।
ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্র ও যাতায়াতের পথে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। তবে ইসির একটি সূত্র জানিয়েছে, ঢাকা-৫ আসনের কয়েকটি ওয়ার্ডে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে। নওগাঁ-৬ আসনে সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে।
এক নজরে ঢাকা-৫ : আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা ৬ মে মারা যাওয়ায় শূন্য হয় ঢাকা-৫ সংসদীয় আসন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী।
তারা হলেন আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মীর আবদুস সবুর, গণফ্রন্টের এইচএম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান।
এক নজরে নওগাঁ-৬ : আওয়ামী লীগের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা গেলে ২৭ জুলাই নওগাঁ-৬ আসন শূন্য হয়। তার এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আনোয়ার হোসেন (হেলাল), বিএনপির শেখ রেজাউল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির খন্দকার ইন্তেখাব আলম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি