সিলেট | |
প্রকাশিত: 7:08 PM, February 16, 2020
প্রভাতবেলা ডেস্ক:
চট্টগ্রাম সিটি করপোরেশেন (চসিক) নির্বাচন এবং যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ২৯ মার্চ এ তিন নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৬১তম কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। এর আগে কমিশন বিকাল তিনটায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসে।
সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও সচিব মো. আলমগীরসহ ইসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্র জানায়, বগুড়া-১ ও যশোর-৬ আসনে ব্যালটে ভোটগ্রহণ করা হবে। আর চট্টগ্রাম সিটিতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।
এদিকে চসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ছেন রেজাউল করিম চৌধুরী। তিনি নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে নৌকা প্রতীকে তার নাম ঘোষণা করা হয়।
এছাড়া সংসদীয় বোর্ডের সভায় জাতীয় সংসদের শূন্য হওয়া ৫টি আসনেও দলের প্রার্থী চূড়ান্ত করা হয়। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল আলম মহিউদ্দিন। বাগেরহাট-৪ আসনে অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, যশোর-৬ আসনে শাহীন চাকলাদার, গাইবান্ধা-৩ আসনে কৃষক লীগের বর্তমান সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এবং বগুড়া-১ আসনে প্রয়াত সাংসদ আব্দুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি