সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের দোয়ারা বাজারের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক তরুণীকে আটক করেছে বিজিবি। প্রেমের টানে কাঁটাতারের বাধা অতিক্রম করে ওই তরুণী বাংলাদেশে আসেন। বিনা পাসপোর্টে এদেশে আসায় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
তার নাম মঞ্জুরা বেগম (২০)। তিনি ভারতের আসাম প্রদেশের কামরুক জেলার চাংসারি থানার টাপার পাথার গ্রামের মুগুর আলীর মেয়ে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বর্ডার পার হয়ে বাংলাদেশ চলে আসেন তিনি।
জানা যায়, পাঁচ বছর আগে মামলার আসামি হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের আসামে গিয়েছিল সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুস সাত্তার (২৭)।
সেখানে সাত্তারের সঙ্গে পরিচয় হয় ভারতের আসাম প্রদেশের কামরুক জেলার চাংসারি থানার টাপার পাথার গ্রামের মুগুর আলীর মেয়ে মঞ্জুরা বেগমের। গড়ে ওঠে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। সাত্তার দেশে ফিরে আসার পর মোবাইল/ইমো ও ফেসবুক ম্যাসেঞ্জারে চলে তাদের প্রেমের সম্পর্ক। দীর্ঘ ৫ বছর পর প্রেমের টানে মঞ্জুরা বেগম ছুটে এসেছেন বাংলাদেশে।
স্থানীয়রা জানান, ৫ বছর আগে আব্দুস সাত্তার তার এক বন্ধুর প্রেমে সহযোগিতা করায় সেই সংক্রান্ত মামলায় আসামি হন। সে মামলায় তার বন্ধু জেল খাটেন আর সাত্তার পালিয়ে চলে যান ভারতের আসাম। সেখানে প্রায় এক বছর থাকার সময় মঞ্জুরা বেগমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সাত্তার চলে আসেন বাংলাদেশে। দেশে আসার পর তিনি বাহরাইন চলে যান। সাত্তার বাহরাইনে আছে প্রায় ৩ বছর। এর মধ্যে দুইজনের প্রেমের সম্পর্ক চলতে থাকে।
সম্প্রতি মঞ্জুরা বেগমের বিয়ের জন্য প্রায় কয়েক জায়গা থেকে প্রস্তাব আসে। বিষয়টি মঞ্জুরা সাত্তারকে জানান। এসময় সাত্তার মঞ্জুরাকে তার বাড়িতে বাংলাদেশে আসার ঠিকানা দেন। সেই ঠিকানা অনুযায়ী গত মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাদেশে চলে আসেন ওই ভারতীয় তরুণী।
সাত্তারের ছোট ভাই ইমরান বর্ডার থেকে বাড়ি নিয়ে আসে। পরে মঞ্জুরা বেগমের সম্মতিক্রমে মোবাইলে বাহরাইনে অবস্থানরত সাত্তারের সঙ্গে বিয়ের কাজ সম্পন্ন হয়। কিন্তু কাঁটাতারের সীমানা বাঁধা হয়ে দাঁড়াল তাদের জীবনে। বিনা পাসপোর্টে সীমান্ত পারি দেয়ার দায়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে খবর পেয়ে মঞ্জুরা বেগমকে আটক করে বিজিবি।
বিজিবি মঞ্জুরার নামে বিনা পাসপোর্ট ও অনুমতি ছাড়া দেশে প্রবেশ করার কারণে একটি মামলা দিয়ে (মামলা নং- ৮ তারিখ ১৬/৯/২০২০) বুধবার রাতে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম রাতে গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি একটি মামলা দায়ের করেছে। মামলা অনুযায়ী আমরা তাকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কোর্টে সোপর্দ করব।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি