সিলেট | |
প্রকাশিত: 6:55 PM, April 11, 2021
প্রভাতবেলা ডেস্ক:
মাগুরার শ্রীপুর উপজেলার দায়েরপোল গ্রামে বিয়ের আধাঘণ্টা পরই মেঘনা খাতুন (১৬) নামে এক কিশোরী বধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে প্রচার করলেও এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে মেয়েটির পরিবার।
পুলিশ রোববার লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্যে মেয়েটির স্বামী এবং শ্বশুর-শাশুড়িকে আটক করেছে।
এলাকাবাসী জানান, শ্রীপুর উপজেলার দায়েরপোল গ্রামের ফজলু শেখের কলেজপড়ুয়া মেয়ে মেঘনার সঙ্গে প্রতিবেশী চঞ্চল শিকদারের ছেলে ইয়াসির আরাফাত সাব্বিরের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু উভয় পরিবারের সম্মতি না থাকায় তারা গত ৭ এপ্রিল নিজেদের ইচ্ছায় মাগুরায় নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করে।
এ বিয়েতে দেনমোহর মাত্র ২০ হাজার টাকা ধার্য করা হয়। যে বিষয়টি মেয়েটির পরিবার মেনে নিতে পারেনি। অন্যদিকে ছেলেটির পরিবারও তাদের ধার্যকৃত দেনমোহরের বিষয়ে অনড় থাকে।
এ অবস্থায় মেঘলার পরিবার স্থানীয় সামাজিক মাতবরদের কাছে অভিযোগ দিলে তারা উদ্যোগী হয়ে ১ লাখ টাকা দেনমোহর ধার্য করেন। সেই অনুযায়ী স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার শরিফুল ইসলামের মধ্যস্থতায় শনিবার রাত ১০টার দিকে ছেলে সাব্বিরের বাড়িতে নতুন করে বিয়ের আয়োজন করা হয়।
স্থানীয় মৌলভীর মাধ্যমে কাবিন-কলমা শেষে প্রতিবেশীরা বিদায় নিলে রাত ১১টার দিকে মেঘনা ফাঁস নিয়েছেন বলে প্রচার করা হয়। এ ঘটনার পর সাব্বিরদের ঘরের পেছনে একটি আমগাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় বলে প্রতিবেশীরা জানান।
এদিকে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে রোববার সকালে মর্গে পাঠিয়েছে। এ সময় পুলিশ মেয়েটির স্বামী ইয়াসির আরাফাত সাব্বির এবং তার বাবা-মাকে আটক করেছে।
এ বিষয়ে সাব্বিরের পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে নিহত মেঘলার চাচা আমজাদ শেখ এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি বলেন, সামাজিক মাতবরদের চাপে সাব্বিরের বাবা-মা নতুন করে দেনমোহর ঠিক করতে বাধ্য হয়েছে। এ বিয়েতে তারা রাজি ছিল না বলেই বিয়ের রাতেই মেঘনাকে হত্যা করে গাছে ঝুলিয়ে দিয়েছে।
শ্রীপুর থানার ওসি সুকদেব রায় বলেন, ঝুলন্ত অবস্থায় মেয়েটিকে পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
তবে জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির স্বামী সাব্বির এবং তার বাবা-মাকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি