সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৭
দেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেটে স্বাস্থ্যসেবায় নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে প্রাইভেট চিকিৎসা প্রতিষ্ঠান ‘আল-হারামাইন হসপিটাল এন্ড কোম্পানি’। সিলেট মহানগরীর সোবহানীঘাটে পাঁচ তারকা মানের এ হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে বিশ্বখ্যাত ব্র্যান্ড ‘আল-হারামাইন পারফিউমস গ্রুপ এন্ড কোম্পানির’ অর্থায়নে। ‘চিকিৎসাসেবায় আন্তর্জাতিক মান ও দরিদ্র রোগীদের সর্বাধিক সুযোগ-সুবিধা প্রদান’এর অঙ্গিকার কর্তৃপক্ষের।
এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে পূণ্যভূমি সিলেটে খুলবে উন্নত চিকিৎসার স্বপ্নীল দিগন্ত। স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টির সেবার লক্ষ্যে’ যাত্রা শুরু করা ‘আল-হারামাইন হসপিটাল’ নিয়ে সরেজমিন প্রতিবেদন তৈরি করেছেন ‘দৈনিক প্রভাতবেলা’র উপ-বার্তা সম্পাদক( ডেপুটি নিউজ এডিটর) রেজাউল হক ডালিম।
যে লক্ষ্যে ‘আল-হারামাইন হসপিটাল’র প্রতিষ্ঠা
জটিল রোগে আক্রান্ত এ দেশের রোগীদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হয়। সে ক্ষেত্রে অনেক সময়ই দেখা দেয় বিদেশ যাত্রা বিষয়ক জটিলতা এবং মুখোমুখি হতে হয় বহির্দেশে অবস্থানকালীন আবাসিক সমস্যাগুলোর। এছাড়াও যাতায়াত খরচের আর্থিক সংকটতো রয়েছেই। সেসব বিষয় সামনে রেখেই পূণ্যভূমি সিলেটে স্বয়ংসম্পূর্ণ একটি হাসপাতাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন বিশ্বের মানচিত্রে বাংলাদেশের সবুজ অংশটি অঙ্কন করা স্বনামধন্য বিজনেস ম্যাগনেট মাহতাবুর রহমান। এ স্বপ্ন আজ বাস্তবায়নের পথে।
এ বিষয়ে আলাপ করতে গেলে দৈনিক প্রভাতবেলা-কে মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) বলেন- ‘‘সিলেটসহ সারাদেশের মানুষেরই সব বিষয়ে পুরোপুরি চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ থাকছে না। জটিল রোগের উন্নত চিকিৎসার ক্ষেত্রে রাজধানী ঢাকায়, এমনকি অনেক সময় সিঙ্গাপুর, ভারতসহ বহির্দেশে যেতে হয়। এসব মানুষ যাতে অন্য কোথাও না গিয়ে দেশের ভেতরেই পূর্ণাঙ্গ উন্নত চিকিৎসাসেবা লাভ করেন- এ চিন্তা থেকেই ‘আল-হারামাইন হাসপাতাল’ প্রতিষ্ঠার উদ্যোগ।’’
অবস্থান, অবকাঠামো ও মেশিনারিজ
বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোন সিলেট মহানগরীর সোবহানীঘাটস্থ চালিবন্দর এলাকায় বিশ্বরোডের পাশে কাজি টাওয়ারে ১১হাজার বর্গফুট আয়তনের ১২ তলা ভবন নিয়ে গড়ে উঠেছে আল-হারামাইন হসপিটাল। নগরীর অভিজাত এলাকা সোবহানীঘাট এলাকা এবং বিশ্বরোডের পাশে হসপিটালটি গড়ে উঠায় নগর ও শহরতলির যেকোনো জায়গা থেকে জনসাধারণের যাতায়াত সহজ। দেশের অন্যান্য স্থান থেকেও সহজে আসা যাবে এ হাসপাতালে। হাসপাতালের পাশেই রয়েছে আন্তর্জাতিক মানের আবাসিক হোটেল-রেস্টুরেন্ট। যে কারণে সিলেটের বাইরে থেকে আসা মানুষজনকে পোহাতে হবে না আবাসিক ও খাওয়া-দাওয়ার অসুবিধা।
এদিকে, ১২ তলাবিশিষ্ট এ প্রাইভেট হাসপাতালের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ তলায় কার্যক্রম শুরু হলেও বাকিগুলোর অভ্যন্তরীণ কাজ এখনও অসম্পূর্ণ। তবে মাসখানেকের ভেতরেই বাকি কাজ শেষ হয়ে পুরোদমে চিকিৎসেবা প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানালেন প্রশাসনিক বিভাগের কর্মকর্তা মুনতাকিম হাবীব চৌধুরী।
সরেজমিন পরিদর্শন করে এ প্রতিবেদক দেখেছেন, হসপিটালটির ১ম তলায় অনুসন্ধান ও রেডিওলজি বিভাগ, ২য় তলায় আউটডোর, ৩য় তলায় ক্রিটিক্যাল কেয়ার (আইসিইউ-সিসিইউ) ও ৪র্থ তলায় প্রশাসনিক ব্লক রয়েছে। ৫ম তলা থেকে ৯ম তলা পর্যন্ত পর্যন্ত থাকবে বিভিন্ন বিভাগের কেবিন ও ওয়ার্ড, ১০ম তলায় থাকবে দেশের সর্বপ্রথম ৪টি দৃষ্টান্তসূচক অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ১১ তলায় থাকবে প্রশাসনিক ব্লক এবং ১২ তলায় থাকবে আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট।
জানা গেছে, দেশের প্রথম এমন অত্যাধুনিক অপারেশন থিয়েটারের জন্য প্রায় ২৪ কোটি টাকা ব্যায়ে মেশিনারিজ আনা হয়েছে ফিলিপাইন থেকে।
এ বিষয়ে মুনতাকিম হাবীব চৌধুরী ‘দৈনিক প্রভাতবেলা’-কে জানান, দুইশত পঞ্চাশ শয্যার এ হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিগুলো নিয়ে আসা হয়েছে। ফিলিপাইন থেকে আনা হয়েছে অত্যাধুনিক এমআরআই ও সিটিস্ক্যান মেশিন।
এছাড়াও প্রবেশদ্বারে রয়েছে দেশের প্রথম আরবি ক্যালিওগ্রাফি খচিত ব্যতিক্রমী কারুকাজময় পবিত্র কোরআনের বাণী। যা রোগাক্রান্ত মানুষ এবং তার স্বজনদের সংকট সময়ে স্মরণ করিয়ে দেবে মহান স্রষ্টার কথা।
কি সেবা দেবে আল-হারামাইন
হসপিটালটির চিকিৎসাসেবা প্রদানের বিষয়ে আন্তর্জাতিক বহুজাতিক প্রতিষ্ঠান আল-হারামাইন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমানের পক্ষে প্রশাসনিক বিভাগের আরেক কর্মকর্তা ইকবাল হোসেন ‘দৈনিক প্রভাতবেলা’-কে বলেন, বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা তো থাকবেনই, ইউরোপ ও ভারতের খ্যাতিমান চিকিৎসকরাও এ হাসপাতালে চিকিৎসাসেবা দেবেন। তিনি বলেন, হাসপাতালের দেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেয়ার পাশাপাশি এশিয়া, ইউরোপ ও আমেরিকার উন্নত দেশগুলোর খ্যাতিমান চিকিৎসকরা টেলিকনফারেন্স ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগীদের চিকিৎসা দেবেন। এতে জটিল রোগীদেরও চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে না।
এদিকে, আল-হারামাইন হসপিটাল পাঁচ তারকা মানের হলেও, চিকিৎসাসেবার ব্যয় ধরা-ছোয়ার বাইরে হবে না। সর্বাধুনিক প্রযুক্তির সকল সেবাই মধ্যবিত্তের নাগালের মধ্যেই থাকবে বলে মন্তব্য করেন কর্মকর্তা মুনতাকিম হাবীব চৌধুরী। এছাড়া গরিব ও অসহায় রোগীদের চিকিৎসার খরচের ব্যাপারে হাসপাতালটি অন্যান্য উন্নত হাসপাতাল থেকে ২০-৩০% কম রাখবে বলেও তিনি জানান। এছাড়াও হতদরিদ্রদের জন্য থাকবে বিনামূল্যে একটি ডায়ালাইসিস বিভাগ।
সেবার দ্বার উন্মোচন বিনামূল্যে
সিলেটের মাটিতে গড়ে উঠা পাঁচ তারকা মানের হাসপাতাল ‘আল-হারামাইন’র প্রথইে সেবার দ্বার উন্মোচন করছে সম্পূর্ণ বিনামূল্যে। গত ২৩ জানুয়ারি (সোমবার) থেকে হাসপাতালের বহির্বিভাগে শুরু হয় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান। হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক (প্যাথলজি ও ইমেজিং) বিভাগে এ সেবা চলে ৩০ জানুয়ারি পর্যন্ত। এছাড়াও এ ৭ দিন যাবৎ ইসিজি, আরবিএস, ইএসবি ও সিবিসি এই ৪টি টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় রোগীদের। এছাড়াও অন্যান্য টেস্টগুলোর খরচও অন্য হসপিটাল এবং ডায়াগনেস্টিক সেন্টারগুলো থেকে ২০% কম রাখা হয় বলে জানান মুনতাকিম হাবীব চৌধুরী। সেবাদানের প্রথম দিনেই গড়ে প্রতিদিন পাঁচ শতাধিক রোগী সম্পূর্ণ বিনামূলে ‘আল হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেড’-এ চিকিৎসা নিয়েছেন। নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ সেবা প্রদান করা হয়। এসময় প্রায় ৮ জন কনসালটেন্ট নিয়মিত রোগী দেখেন।
জানা গেছে, পরবর্তীতে দেশের প্রসিদ্ধ চিকিৎকরা ছাড়াও বিদেশি চিকিৎসকরাও এখানে চিকিৎসাসেবা প্রদান করবেন। যা বিশ্বের খ্যাতনামা বিভিন্ন হাসপাতালের চেয়ে কোনো অংশে কম নয়। সিলেট তথা সারাদেশের জটিল রোগে আক্রান্ত যে কেউই চাইলে দেশের বাইরে যাওয়ার চিন্তা করতে হবে না।
অর্থায়ন ও প্রতিষ্ঠাতা পরিচিতি
বিশ্বে পারফিউম দিগন্তে আলোড়ন সৃষ্টি করা ‘আল-হারামাইন পারফিউমস গ্রুপ এ কোম্পানি’র অর্থায়নেই মূলত আন্তর্জাতিক মানের ‘আল-হারামাইন হসপিটাল’র প্রতিষ্ঠা। এছাড়াও আল-আরাফাহ ব্যাংকের একটি ফান্ডের অর্থায়নও যুক্ত হবে এ হসপিটালের সেবাখাতে।
উল্লেখ্য, নিজস্ব ব্রান্ডের সুনাম দিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে যে গুটিকয়েক শিল্পপতি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন তাদের মধ্যে অন্যতম বিশ্বখ্যাত পারফিউম ব্র্যান্ড আল হারামাইন পারফিউমস গ্রুপ এ কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির)। শুধু এ আইকন কোম্পানির সাথেই জড়িত নন, তিনি একাধারে আল-হালাল পারফিউমস এন্ড এলএলসি-ইউইউই-এর চেয়ারম্যান, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ফাউন্ডার প্রেসিডেন্ট, শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামি প্রাইভেট স্কুল (আবুদাবি-ইউ.এ.ই)-এর স্পন্সর, এনআরবি ব্যাংক বাংলাদেশ-এর চেয়ারম্যান, হামিদা টি কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান, কেপিট্যাল মার্কেট সার্ভিস লিমিটেড বাংলাদেশ-এর স্পন্সর ও ডাইরেক্টর, আল-আরাফাহ ব্যাংক লিমিটেড বাংলাদেশ-এর স্পন্সর ও শেয়ার হোল্ডার, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক বাংলাদেশ-এর ট্রাস্টি এবং ক্যান্সার হাসপাতাল বিয়ানীবাজার- সিলেট-এর ট্রাস্টি।
এদিকে, ‘আল-হারামাইন হসপিটাল প্রাইভেট লিমিটেড’র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ওলিউর রহমান, ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে আছেন ডা. মোহাম্মদ ইশানুর রহমান, ডেপুরি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন মোহাম্মদ ইমদাদুর রহমান ও ডিরেক্টর পর্যায়ে আছেন মোহাম্মদ আশফাকুর রহমান।
স্বাস্থ্যসেবা গ্রহীতাদের প্রত্যাশা
সিলেটবাসীসহ দেশবাসীর এক স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছেন মানবসেবায় নিয়োজিত মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির)। তবে পোড় খাওয়া জনতার দাবি- প্রাথমিক প্রতিশ্রুতির প্রতিফলন না ঘটলে আল-হারামাইন হাসপাতালের ক্ষেত্রে তাদের বালুচরের স্বপ্নঘর ভেঙে যাবে। তাই সেবাগ্রহীতাদের প্রত্যাশা- চিকিৎসাসেবার আন্তর্জাতিক মান, গরিব অসহায় রোগীদের ক্ষেত্রে আশাব্যঞ্জক আর্থিক ছাড় কিংবা অবস্থা বিবেচনায় বিনামূল্য সুবিধা প্রদান এবং উচুতলা নিচুতলার বাসিন্দাভেদে সেবা প্রদানের তারতম্য না হওয়া।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি