সিলেট ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট থেকে রাতেই ঢাকায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সন্ধ্যার পর সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি। রাত ৯টা ৫৫ মিনিটের দিকে সড়কপথেই ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
এর আগে সোমবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে সিলেটের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীরা। তাঁকে একনজর দেখতে পথে পথে ভিড় জমান নেতাকর্মীরা। কিন্তু মৌলভীবাজারসহ অনেক স্থানে নেতাকর্মীদের রাস্তার পাশে দাঁড়াতে দেয়নি পুলিশ।
খালেদা জিয়া বিকেল ৪টা ২৬ মিনিটে সিলেট সার্কিট হাউজে এসে পৌঁছান। তাঁর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছিলেন। সার্কিট হাউজে হাজার হাজার বিএনপির নেতাকর্মী তাঁকে স্বাগত জানান। খালেদা জিয়া এক ঘণ্টা সার্কিট হাউজে বিশ্রাম নেন। ৫টা ২৭ মিনিটে তিনি হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করতে বের হন। ৫টা ৫৬ মিনিটে মাজারে পৌঁছান বিএনপিপ্রধান। সার্কিট হাউজ থেকে শাহজালালের মাজারে যাওয়ার সড়কে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড় থাকায় খালেদার গাড়িবহর মাজারে যেতে দেরি হয়।
সন্ধ্যা ৬টা ৩৬ মিনিট পর্যন্ত শাহজালালের মাজারে ছিলেন খালেদা জিয়া। মাজারে ফাতিহা পাঠ ও মোনাজাত করেন খালেদা জিয়াসহ অন্যান্যরা।
পরে গাড়িবহর নিয়ে হজরত শাহপরানের (রহ.) এর মাজার জিয়ারতে যান খালেদা জিয়া। সেখান থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে তিনি বের হন। শাহপরানের মাজারেও তিনি ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। সেখান থেকে সিলেট সার্কিট হাউজে পৌঁছান খালেদা জিয়া। এরপর তিনি রাতের খাবার খান।
খাওয়া শেষে সিলেট সার্কিট হাউজে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ এই তথ্য জানিয়েছেন। বৈঠক শেষে রাত ৯টা ৫৫ মিনিটের দিকে খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীরা সার্কিট হাউজ ছেড়ে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হন।
খালেদা জিয়ার সফরসূচি অনুযায়ী আজ রাতে তাঁর সিলেট সার্কিট হাউজে বিশ্রাম নিয়ে কাল মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। তাহলে কেন তিনি সিলেট এসে রাতেই ঢাকায় ফিরছেন? এই প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেছেন, বিভিন্ন দেশের কূটনীতিবিদদের সঙ্গে আগামীকাল মঙ্গলবার বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ কারণে আজ রাতেই ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন তিনি।
আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় হওয়ার কথা। ওই মামলার অন্যতম আসামি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি