করোনামুক্ত বার্সেলোনা, অনুশীলনে ফিরছে আজ

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, মে ৮, ২০২০

করোনামুক্ত বার্সেলোনা, অনুশীলনে ফিরছে আজ

 

মাঠে ময়দানে ডেস্ক:

করোনাভাইরাসে স্পেনে মারা গেছেন অনেক মানুষ। ভয়াবহ অবস্থা এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি। তবে এর মধ্যেই লা লিগার দলগুলোর অনুশীলনের অনুমতি দিয়েছে সরকার। ফুটবলে ফেরার প্রথম ধাপে হচ্ছে খেলোয়াড় ও স্টাফদের করোনা পরীক্ষা। বুধবার পরীক্ষা হয়েছে বার্সেলোনার খেলোয়াড়দের। স্বস্তির খবর হলো, লিওনেল মেসিদের সবারই ‘নেগিটিভ’ ফল এসেছে।

 

লা লিগা মাঠে কবে ফিরবে, সেটি এখনও নিশ্চিত নয়। তবে ক্লাবগুলোর অনুশীলনে ফেরার মাধ্যমে ইতিবাচক ইঙ্গিতই মিলেছে। করোনা পরীক্ষায় সব খেলোয়াড়ের ‘নেগিটিভ’ আসার পর আজ (শুক্রবার) থেকেই একক অনুশীলন শুরু করে দিচ্ছে বার্সেলোনা। নিজেদের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

 

সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্পেনের ক্লাবগুলোর অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে বুধবার বার্সেলোনার সব খেলোয়াড় ও স্টাফের হয়েছে করোনাভাইরাস পরীক্ষা। শুধুমাত্র উসমান ডেম্বেলের পরীক্ষা করা হয়নি। চোট আক্রান্ত ফরাসি ফরোয়ার্ড ক্লাবে এখনও যোগ দেননি। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোর খবর, সামনের সোমবার হতে পারে তার করোনা পরীক্ষা।

আরও পড়ুন  সিলেট প্রেসক্লাব-মাহা ক্রীড়া প্রতিযোগিতা

 

বার্সেলোনা জানিয়েছে, তাদের মূল দলের খেলোয়াড়রা অনুশীলনে ফিরছেন এবং তারা তিন মাঠে ভাগ হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুশীলন করবেন। টুইটারে তারা জানিয়েছে, ‘শুক্রবার মূল দলের খেলোয়াড়রা অনুশীলনে ফিরছেন। লা লিগার প্রটোকল মেনে তারা এককভাবে অনুশীলন করবেন।’

 

লিগ শুরুর ব্যাপারে নির্দিষ্ট কোনও সময় নির্ধারণ হয়নি এখনও। যদিও লা লিগা কর্তৃপক্ষ জুনে খেলা শুরু করার ব্যাপারে আশাবাদী। করোনার কারণে লিগ বন্ধ হয়ে যাওয়ার আগে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে তারা এগিয়ে ২ পয়েন্টে।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ