আবারও বন্যার আশঙ্কা

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২০

আবারও বন্যার আশঙ্কা

 

প্রভাতবেলা প্রতিবেদক:

লঘুচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে আবারও বাড়তে শুরু করেছে দেশের বেশ কিছু নদীর পানি। যার ফলে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে চলতি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের শেষের দিকে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। মৌসুমি বায়ু এখনও দেশের ওপর সক্রিয়। তাই আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হবে।

রবিবার দেশের চারটি নদীর চার পয়েন্টে পানি আবারও বেড়ে বিপৎসীমার ওপরে অবস্থান করে। গত কয়েকদিনে প্রায় সব নদীর পানিই বিপৎসীমার নিচে চলে এসেছিল। গুড় নদীর সিংড়া পয়েন্টের পানি এখন বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে আত্রাই নদীর বাঘাবাড়ি পয়েন্টে ১, ধলেশ্বরী নদীর এলাসিন পয়েন্টে ১২ এবং পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টের পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান জানান, ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। যা আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার নদ-নদীগুলোর পানি বাড়ছে। যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া পদ্মা ও গঙ্গা নদীর পানি স্থিতিশীল আছে। যা আগামী ২৪ ঘণ্টা একই থাকতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ