সিলেট ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১
জামিন পেলেও মুক্তি পাননি চিত্রনায়িকা পরীমণি। মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন। প্রভাতবেলা ডেস্ক♦
হালিমা খাতুন বলেন, নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে পরীমণির জামিনের কাগজ কারাগারে না আসায় তিনি আজ মুক্তি পাননি। লকআপে ঢোকানোর আগে কাগজপত্র এলে আসামিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত পরীমণির জামিনের কাগজ আমরা হাতে পাইনি। এ জন্য তাকে লকআপে ঢোকানো হয়েছে। কাগজপত্র হাতে পেলে নিয়ম অনুযায়ী বুধবার সকালে মুক্তি পাবেন পরীমণি।
গ্রেফতারের ২৭ দিনের মাথায় জামিন পেলেন চলচ্চিত্র নায়িকা পরীমণি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার তিনি জামিন পান। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ৫০ হাজার টাকা মুচলেকায় মামলার তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দেয়ার আগ পর্যন্ত পরীমণির জামিন মঞ্জুর করেন।
উচ্চ আদালতের নির্দেশে গত ২৯ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ জামিন শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেছিলেন। ২২ আগস্ট একই আদালতে পরীমণির জামিন আবেদন করেন তার আইনজীবী মজিবুর রহমান। তখন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। পরে তার আইনজীবীরা এ নিয়ে হাইকোর্টে আবেদন করেন। এরপর জামিন শুনানির দিন এগিয়ে আসে।
যেসব বিবেচনায় পরীমণির জামিন : পরীমণির জামিন আদেশে বেশকিছু কারণ উল্লেখ করা হয়েছে। তিনি একজন নারী, অসুস্থ, অভিনেত্রী, বর্তমানে তিনি দশটি সিনেমায় চুক্তিবদ্ধ, কারাগারে থাকায় এসব সিনেমার শুটিং বন্ধ রয়েছে এসব বিষয় বিবেচনায় জামিন পেয়েছেন পরীমণি।
মঙ্গলবার জামিন শুনানিতে পরীমণির আইনজীবী মজিবুর রহমান বলেন, আসামিকে তিন দফায় রিমান্ডে নেয়া হয়েছে, কিন্তু অভিযোগ তদন্তে অগ্রগতি নেই। আসামি একজন অসুস্থ নারী। তিনি একজন স্বনামধন্য অভিনেত্রী। বিভিন্ন পরিচালকের সাথে সিনেমার চুক্তি আছে। যার মধ্যে সরকারি অর্থায়নে নির্মিতব্য প্রীতিলতা সিনেমাও রয়েছে। কারাগারে থাকায় তিনি সেসব চুক্তি পূরণ করতে পারছেন না। তাই সার্বিক বিবেচনায় জামিন চাইছি।
শুনানি শেষে বিচারক ৫০ হাজার টাকা বন্ডে তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত সময়ের জন্য পরীমণিকে জামিনে মুক্তি দেয়ার আদেশ দেন।
গত ৪ আগস্ট পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাব। ওই দিনই রাত ৮টা ১০ মিনিটে পরীমণিকে একটি সাদা মাইক্রোবাসে র্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে র্যাব। পরদিন ৫ আগস্ট বিকেল ৫টা ১২ মিনিটে পরীমণি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে কালো একটি মাইক্রোবাসে বনানী থানায় নিয়ে যাওয়া হয়। এরপর র্যাব বাদি হয়ে বনানী থানায় পরীমণি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। এরপর তাকে আদালতে হাজির করা হলে প্রথমে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে আরো দুই দফায় তাকে রিমান্ডে নেয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, পরীমণি ২০১৬ সাল থেকে মাদকসেবন করতেন। এমনকি এলএসডি ও আইসও সেবন করতেন তিনি। এজন্য বাসায় একটি মিনিবার তৈরি করেন। বাসায় নিয়মিত মদের পার্টি করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরো অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন।
গত ১৩ আগস্ট রিমান্ড শেষে পরীমণিকে কারাগারে পাঠানো হয়। এরপর আবার ১৯ আগস্ট এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়। এরপর ২২ আগস্ট পরীমণির পক্ষে তার আইনজীবীরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। আদালত ১৩ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করেন। তবে জামিন শুনানির জন্য ২১ দিন পরে দিন ধার্য করায় ওই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন পরীমণি।
পরীমণির জামিন আবেদনের শুনানি ২১ দিন পর ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করে মহানগর দায়রা জজ আদালতের দেয়া আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সাথে জামিন আবেদনের শুনানি এগিয়ে (১৩ সেপ্টেম্বরের আগে) দুই দিনের মধ্যে তা করতে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে।
২০১৪ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা পরীমণি এ পর্যন্ত ৩০টি সিনেমা ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমণিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি