হবিগঞ্জে ধানের গুদামে ১০ টন চোরাই সার জব্দ

প্রকাশিত: 6:30 PM, November 22, 2023

হবিগঞ্জে ধানের গুদামে ১০ টন চোরাই সার জব্দ
প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে ধানের গুদামে অবৈধভাবে মজুদ করে রাখা ১০ টন রাসায়নিক সার বাজেয়াপ্ত করা হয়েছে। এ ব্যবসায়ীর নাম বাচ্চু মিয়া। তিনি নতুন বাজারের পরিচিত ব্যবসায়ী ও সার মজুদ করে রাখা গুদামটির মালিক।

 

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সার বাজেয়াপ্ত করা হয়। সেই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয় মজুদদার ব্যবসায়ীকে।

 

হবিগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা এ কে এম মাকসুদুল আলম বলেন, ‘সরকারের গুদাম থেকে তালিকাভুক্ত ডিলার নির্দিষ্ট পরিমাণে সার তুলতে পারেন এবং নিয়ম মেনে তা বিক্রি করে থাকেন। বাচ্চু মিয়া সেই তালিকায় নেই, লাইসেন্স বা বৈধ কোনো কাগজপত্রও তার নেই।

কিন্তু অভিযানে তার ধানের গুদামে ১০ টন টিএসপি, এমওপি ও ডিএপি সার পাওয়া গেছে৷ কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। পরে হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক লাখ টাকা জরিমানা করেন।’

আরও পড়ুন  দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

 

কৃষি কর্মকর্তা আরও বলেন, ‘ধানের আড়ালে লুকিয়ে রাখা ১০ টন সার বাজেয়াপ্ত করে সরকারি গুদামে রাখা হয়েছে। অন্য কোথাও যদি এমন অপরাধের খবর মেলে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

 

এদিকে অভিযোগ উঠেছে যে, জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি করতে কিছু ব্যবসায়ী সার মজুদ করে রেখেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ