বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের লাশের অপেক্ষায় স্বজন

প্রকাশিত: 9:20 AM, January 24, 2024

বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের লাশের অপেক্ষায় স্বজন

প্রভাতবেলা ডেস্ক: যশোরের বেনাপোলে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে নিহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোহাম্মদ রইশুদ্দীনের লাশ পশ্চিমবঙ্গের বনগাঁ মর্গে রয়েছে। এ দেশে পরিবারের সদস্যরা লাশের অপেক্ষায় আছেন। জানা গেছে, ওপারের আনুষ্ঠানিকতা শেষে পতাকা বৈঠকের মাধ্যমে বুধবার তাঁর মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হতে পারে।

 

রইশুদ্দীনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা সাহাপাড়ার শ্যামপুরে। গত সোমবার বেনাপোলের ধান্যখোলা জেলেপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে তাঁর মৃত্যু হয়।

 

মঙ্গলবার রইশুদ্দীনের গ্রামের বাড়ি শ্যামপুরে গিয়ে দেখা যায় টিনের একচালা একটি ও পাশে রান্নাঘরে তালা। শৈত্যপ্রবাহের কারণে দুই শিশুসন্তান (চার বছরের মেয়ে ও চার মাস বয়সী ছেলে) নিয়ে স্ত্রী নাসরিন বেগম উঠেছেন ভাশুরের বাড়িতে। সেখানে গ্রামবাসী এসে সান্ত্বনা দিচ্ছেন।

 

রইশুদ্দীনের বাবা কামরুজ্জামান জানান, তিন ছেলের মধ্যে সবার ছোট রইশুদ্দীন ছিলেন পরোপকারী। নাতি-নাতনিকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার ব্যাপারে সরকারের সহায়তা চান তিনি।

আরও পড়ুন  মাশরাফি ঝড়ে কুমিল্লার ধস

 

রইশুদ্দীনের স্ত্রী নাসরিন বারবার মূর্ছা যাচ্ছেন। জ্ঞান ফিরতেই কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দুইটা অবুঝ বাচ্চা ও আমারে একা ফেলে চলে গেল। তাদের মানুষ করব কীভাবে? ওরে ছাড়া আমি চলব কীভাবে?’

 

বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেছেন, ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করা হয়েছে।

 

পাশাপাশি প্রতিবাদ পাঠানো হয়েছে। লাশ দ্রুত ফেরত আনার বিষয়ে যোগাযোগ চলছে।

 

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার ভোর ৫টার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টসংলগ্ন এলাকায় একদল গরু চোরাকারবারিকে ভারত সীমান্ত অতিক্রম করতে দেখে বিজিবির টহল দল। এ সময় টহল দলের সদস্যরা তাদের ধাওয়া দিলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহল দলের সদস্য সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন চোরাকারবারিদের পেছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলছুট হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাঁকে খুঁজে পাওয়া না গেলেও পরে জানা যায়, বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন  ফুলছড়িতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ