রাজধানীতে উগ্রবাদীদের হাতে সিলেটের ব্যবসায়ী খুন 

প্রকাশিত: 12:59 AM, October 21, 2024

রাজধানীতে উগ্রবাদীদের হাতে সিলেটের ব্যবসায়ী খুন 

♦️আনসার আল ইসলামের দায় স্বীকার ♦️

সংবাদদাতা♦ রাজধানীর যাত্রাবাড়ীতে ফারুক আহমদ চৌধুরী নামে সিলেটের এক ব্যবসায়ীকে নৃশংস ভাবে হত্যার ঘটনা ঘটেছে।

এ হত্যার দায় স্বীকার করেছে ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’। ওই সংগঠনের নামে গণমাধ্যমে পাঠানো এক ই-মেইলে এ দাবি করা হয়েছে। তবে স্বতন্ত্রভাবে ওই ইমেইলের সত্যতা যাচাই করা সম্ভব হয় নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রবিবার রাজধানীর যাত্রাবাড়ী বড়বাজার কাঁচাবাজার আড়তের সামনে থেকে ফারুক আহমদ চৌধুরী কে তুলে নিয়ে যায় মুখোশধারী ৪ জন দুষ্কৃতিকারী।
এই ঘটনার আনুমানিক ৩ সপ্তাহ পর গত ১৯ অক্টোবর শনিবার যাত্রাবাড়ী এলাকার মীরহাজিরবাগ তামিরুল মিল্লাত কামিল মাদরাসা রোডের ইঞ্জিনিয়ার গলির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। প্রাথমিকভাবে মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেলেও ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন  একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম, শোকবার্তায় প্রধানমন্ত্রী

নিহতের স্ত্রী সোহানা পারভীন রুবি অভিযোগ করেন, তাঁর স্বামীকে অপহরণ করার পর তিনি যাত্রাবাড়ী থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। তবে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ফারুক আহম্মেদ এই অভিযোগ অস্বীকার করেন।

যাত্রাবাড়ী থানার একজন দায়িত্বরত কর্মকর্তা জানান, নিহতের ছেলে মারজুক আহমদ চৌধুরী একজন সমকামী অধিকারকর্মী এবং ব্লু বার্ড নামের একটি গোপন সমকামী সংগঠনের প্রতিষ্ঠাতা। তার বাবা ফারুক আহমদ চৌধুরী ছিলেন সংগঠনটির প্রাইম ডোনার। তবে সংগঠনটির কার্যক্রম ২০২২ সালেই বন্ধ ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে এরই জের ধরে তারা জঙ্গি সংগঠনটির টার্গেটে পরিণত হন।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) মো. মহিদুল ইসলাম পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। মরদেহের বাম পা, বাম হাতের রগ কাটা। এছাড়া মাথার পেছনেও আঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ