নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী দলঃ সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশিত: 2:18 AM, November 19, 2026

নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী দলঃ সংসদে প্রধানমন্ত্রী

প্রভাতবেলা প্রতিবেদক, ঢাকা ♦  ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী দল’ অভিহিত করে প্রধানমন্ত্রী সংসদে বলেন, “সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদেরকে গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, মাননীয় স্পিকার, যা সকলের জানা। স্যোশাল মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশবাসী যেটা জেনেছে।

“গণতন্ত্রকামী জনগণকে হত্যার, জনগণকে হত্যা করার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে, মাননীয় স্পিকার…তাদের কথা-কাজ- সবকিছু দিয়ে তারা প্রমাণ করেছে, তারা রাজনৈতিক দল নয়। তাহলে তারা কী? তাদের পরিচয় একটি। এরা হচ্ছে, সন্ত্রাসী গোষ্ঠী,” সংসদে বলেন তারেক রহমান।

বাংলাদেশকে ‘তাবেদার রাষ্ট্র’ বানানোর উদ্দেশ্যে আওয়ামী লীগ আবারও ‘চক্রান্তে’ লিপ্ত হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তাদের পুনরুত্থান ঠেকাতে চব্বিশের মতোই দেশের গণতন্ত্রকামী সকল মানুষকে দল-মত নির্বিশেষে একমঞ্চে এসে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

“দেশে পতিত-পরাজিত-বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতন এক মঞ্চের এসে দাঁড়াতে,” সংসদে বলেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী আরও বলেন, “এই সংসদে উপস্থিত প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি গণতান্ত্রিক দল এবং এই সংসদের বাইরে অন্য যেসকল গণতান্ত্রিক দল আছে, সকলের প্রতি আমি আহ্বান জানিয়ে বলতে চাই, আসুন, ঐক্যবদ্ধভাবে সাতই নভেম্বর এবং ঐক্যবদ্ধভাবে পাঁচই আগস্টের চেতনায় পতিত-পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ