আ’লীগে যাচ্ছেন বিএনপি নেতা চেয়ারম্যান কালাম

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৯

আ’লীগে যাচ্ছেন বিএনপি নেতা চেয়ারম্যান কালাম

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটে বিএনপি ছেড়ে আওয়ামীলীগে যোগদানের সারি দীর্ঘ হচ্ছে। কে যাচ্ছেন, কে যোগদান করছেন তা নিয়েই চলছে আলোচনা সমালোচনা। আওয়ামীলীগের নির্বাচিত জনপ্রতিনিধি ও নবনিযুক্ত মন্ত্রীদের ফুলের তোড়া দিয়ে অনেক বিএনপি নেতা যোগদানের পথে পা ফেলছেন। ইতোমধ্যে অনেকেই যোগ দিয়েছেন, অনেকে যোগদানের অপেক্ষায়। আবার অনেকেই আওয়ামীলীগে যোগ না দিয়েই বিএনপি’র পদ পদবী ব্যবহার করে আওয়ামীলীগের ‘এসাইনমেন্ট’ তামিল করবেন এমনটাও শোনা যাচ্ছে।

বিএনপি ছেড়ে আওয়ামী লীগের যোগ দিচ্ছেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। নানা কারণে আলোচিত এই চেয়ারম্যান আগামী শুক্রবার সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েসের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেবেন। এজন্য সাংসদ কয়েসের সংবর্ধনারও আয়োজন করেছেন কালাম। শুক্রবার দক্ষিণ সুরমার মুহিব কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে।

দলবদলের কথা স্বীকার করে আবুল কালাম বলেন, আমার ইউনিয়নের জনগনের কথা চিন্তা করেই আমি আওয়ামী লীগে যোগ দিচ্ছি। সরকার ও স্থানীয় সাংসদ অন্য দলের হলের এলাকার উন্নয়নে কাঙ্খিত বরাদ্ধ পাওয়া যায় না। এলাকার উন্নয়নের স্বার্থেই আমি দলবদল করছি।

আরও পড়ুন  বিশ্বনাথের বৃত্তিপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষার্থীদের সংবর্ধনা

টানা ৪বার কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন আবুল কালাম। এছাড়া সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকেরও দায়িত্বে রয়েছেন তিনি। নানা কারণে আলোচিত কালাম সিলেটজুড়ে আলোচনায় আসেন কদমতলীর সিলেট বাস টার্মনালের জমিতে রেস্টুরেন্ট নির্মান করে। বাস টার্মিনালের জমি দখল করে তাজমহল নামের ওই রেস্টুরেন্ট নির্মাণের অভিযোগ ওঠে বাস মালিক সমিতির ওই প্রভাবশালী নেতার বিরুদ্ধে। ওই রেস্টুরেন্ট নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে।

এরআগে গত ১৮ জানুয়ারি সাংসদ কয়েসের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির উপদেষ্টা হাবিব হোসেন।

সর্বশেষ সংবাদ