ইমামও না ফেরার দেশে, নিহত বেড়ে ২১

প্রকাশিত: 10:44 AM, September 6, 2020

ইমামও না ফেরার দেশে, নিহত বেড়ে ২১

প্রভাতবেলা প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। তারা সবাই রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার (০৫ সেপ্টেম্বর) রাতে মারা যান ওই মসজিদের ঈমাম আবদুল মালেক (৫৫)। তিনিসহ এখন পর্যন্ত মারা গেছেন ২১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল।

মৃতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন মসজিদের ইমাম আব্দুল মালেক (৫৫), রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের (১৮), সাব্বির (২১), কুদ্দুস ব্যাপারী (৭২), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), জুনায়েদ (১৭), জামাল (৪০), জুবায়ের (৭) ও রাশেদ (৩৪), বাহাউদ্দিন (৫৫), নিজাম (৪০) ও রাসেল (৩৪)। বাকি ৪ জনের নাম এখনও জানা যায়নি।

মসজিদে বিস্ফোরণে নিহত ১৭ জনের মধ্যে ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর থানা নির্বাহী কর্মকর্তা নাহিদ বারিক শনিবার বিকাল ৬টায় বলেন, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে, তাদের ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীকে ড. কামাল হোসেনের চিঠি

এর আগে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন খান জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে শনাক্তের পর বিনা ময়নাতদন্তে বিকাল ৫টা পর্যন্ত ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।

এসি বিস্ফোরণের ঘটনায় আহত ও নিহতদের সহায়তায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একটি জরুরি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসেনর পক্ষ থেকে এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। স্বজনরা এখান থেকে সব ধরনের তথ্য ও সহযোগিতা পাবেন।

প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে। ফরজ নামাজের মোনাজাত শেষে অনেকে সুন্নত ও অন্য নামাজ পড়ছিলেন। এসময় মসজিদের ভেতরে প্রায় ৪০ জনের মতো মুসল্লি ছিলেন। বিস্ফোরণে তাদের প্রায় সবাই দগ্ধ হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ