সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কুপানোর দায়ে মাত্র ৬ মাসের মাথায় বদরুলকে যাবজ্জীবন করাদন্ডে দণ্ডিত করলেন বিজ্ঞ আদালত। অনেক সিঙ্গেল, ডাবল, ত্রিপল মার্ডার এমনকি তারচেয়েও অধিক হত্যা মামলার রায় বছরের পর বছর লাল ফিতায় বন্দি থাকলেও এ বিচারের দ্রুত রায় হয় একটি বিশেষ দিন ‘নারী দিবস’-এ। ৮ মার্চ (বুধবার) দুপুরে মূখ্য মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা বদরুল দোষী সাব্যস্থ করে এ রায় ঘোষণা করেন।
আদালত থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, ৮ মার্চ বহুল আলোচিত খাদিজ-বদরুল ঘটনার রায় হবে জেনে সকাল থেকেই সিলেট মূখ্যমহানগর দায়রা জজ আদালতের সামনে ভীড় জমাতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সাড়ে ১১টায় বিচারকার্যক্রম শুরু হলেও ১১ টা ১০ মিনিটে বদরুলকে আদালতে হাজির করে পুলিশ। বিচারকার্যক্রম প্রলম্বিত না করে ২০ মিনিটের মাথায় বদরুলকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করা হয়। মূখ্যমহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন।
পিপি এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ আদালতের রায় সন্তুষ্টি জানিয়ে সাংবাদিকদের বলেন, ‘বদরুলকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।’
এর আগে মামলা চলাকালীন ৩৭ জন স্বাক্ষীর মধ্যে ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে বদরুলের অপরাধ প্রমাণিত হয়। গত ১ মার্চ সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালত থেকে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। ওই আদালতে আসামির সর্বোচ্চ শাস্তি প্রদানে সীমাবদ্ধতা থাকায় দায়রা জজ আদালতে আসে মামলাটি।
মামলার রায় ঘোষণার পর বদরুলের আইনজীবী সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘এটি একটি আবেগপ্রবণ রায়। এ রায়ে ‘সঠিক বিচার’ ফুটে উঠেনি। আমরা এ রায়ে সন্তুষ্ট নই, উচ্চআদালতে আপিল করা হবে।’
এদিকে, এ রায় প্রদানে খাদিজার পরিবার সরকার, বিচারক ব্রেঞ্চ, চিকিৎসক ও সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও দেশবাসী তার মেয়ের জন্য দোয়া করায় সমগ্র জাতির প্রতি কৃতজ্ঞতা জানান।
অন্যদিকে, আদালতপাড়ায় সমবেত লোকজনের মধ্যে ছিলো মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই এ রায়ে সন্তুষ প্রকাশ করেছেন আবার অনেকেই ‘লগু পাপে গুরু দন্ড’ হয়ে গেছে বলে মন্তব্য করেন। সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন জানান, নারী দিবসে এমন এক মহান রায়ে জাতি বিচারব্যবস্থার প্রতি আরও আস্থাশীল হবেন। এছাড়াও বদরুলের মতো এমন দুস্কর্ম করতে সাহস পাবে না।
নবাবরোড এলাকার বাসিন্দা মীম রেজা মন্তব্য করেন, এক হাতে তালি বাজে না। খাদিজার নিশ্চয় কোথাও ফল্ট আছে। সে ক্ষেত্রে আমি মনে করি , বদরুলের প্রতি সুবিচার করা হয় নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি