চসিক নির্বাচন : বিচ্ছিন্ন সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: 12:58 PM, January 27, 2021

চসিক নির্বাচন : বিচ্ছিন্ন সংঘর্ষে নিহত ২

প্রভাতবেলা প্রতিবেদক:

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণকালে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত দুইজন নিহতের খবর পাওয়া গেছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে ভোট শুরুর পর থেকে নগরীর বেশ কয়েকটি জায়গায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে পাহাড়তলী ও খুলশীর দুটি কেন্দ্রে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

জানা যায়, সকালে ভোট শুরুর কিছুক্ষণ পরেই পাহাড়তলীতে দুই পক্ষের মধ্যকার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত নিজাম উদ্দিন আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের হোসেনের কর্মী বলে জানা গেছে।

সংঘর্ষের পরপরই নিজাম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে, সকাল ১০টার দিকে খুলশী ইউসেপ স্কুলের কেন্দ্রে সংঘর্ষ ও গোলাগুলিতে আলাউদ্দিন আলো (২৮) নামে আরও একজন নিহত হন।

চমেক মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহির জানান, নগরীর খুলশী আমবাগান এলাকার ইউসেপ স্কুল কেন্দ্র থেকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে আলাউদ্দিন আলোর মৃত্যু হয়।

আরও পড়ুন  আল-আকসা মসজিদে হামলায় প্রধানমন্ত্রীর নিন্দা

অন্যদিকে, নগরীর লালখান বাজারে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্যদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির কাউন্সিলির প্রার্থী শাহ আলম। সেখানে আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।

উল্লেখ্য, বুধবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম ও বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। কয়েকটি বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ছাড়া বাকি কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ