“ছাত্ররা দাবি করেছে, সেটি মেনে নেয়া হয়েছে। এখন হা-হুতাশের কী আছে?”

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মে ২, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ সরকারি চাকরিতে আর কোটার দরকার নেই এবং তা থাকছেও না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকরীতে কোটা সংস্কার বাতিল করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো ধরনের ক্ষোভ থেকে সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়নি। ছাত্ররা কোটা ব্যবস্থা বাতিল চেয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে এখন প্রশ্ন আনার দরকার কী?
বুধবার (২ মে) বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একটি প্রশ্নের উত্তরে এ কথা জানান। সাম্প্রতিক সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর নিয়ে এ সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার ছাত্রদের বিষয় না, এটা সরকারের নীতিনির্ধারণী বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ছাত্ররা দাবি করেছে, সেটি মেনে নেয়া হয়েছে। এখন হা-হুতাশের কী আছে?
শেখ হাসিনা বলেন, জেলা কোটা না থাকার ফলে আন্দোলনকারীরা চাকরি না পেলে কোনো অভিযোগ করতে পারবে না। কারণ আন্দোলনের সময় অনেকের ছবি সংরক্ষণ করে রাখা হয়েছে। কোটা সংস্কারের আন্দোলনের পেছনে কারা রয়েছে, তাদের পরিচয় খুঁজে বের করতে বলেন শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে গত ১১ এপ্রিল সংসদে বক্তৃতাকালে কোটা বাতিলের কথা বলেন প্রধানমন্ত্রী। কিন্তু এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষার্থীরা হতাশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ