ছেলেকে জেতাতে মাঠে নামলেন মা

প্রকাশিত: 1:56 PM, January 28, 2020

ছেলেকে জেতাতে মাঠে নামলেন মা

 

প্রভাতবেলা ডেস্ক:

 

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ছেলেকে জেতাতে প্রচারণায় নেমেছেন বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের মা ইসমত আরা খোকা।

 

 

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে পলওয়েল মার্কেট এবং এর আশপাশের এলাকায় ছেলের জন্য প্রচারণায় নামেন ইসমত আরা। এ সময় তিনি দোকানে দোকানে গিয়ে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং দোকানদার ও সাধারণ মানুষের কাছে ছেলের জন্য ভোট প্রার্থনা করেন।

 

 

প্রচারণায় ইসমত আরা বলেন, প্রার্থী হিসেবে আমার ছেলে যোগ্য এবং সৎ। সে তার প্রয়াত পিতা সাদেক হোসেন খোকার স্বপ্নের ঢাকা গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচনের প্রার্থী হয়েছে। সে তার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চায়। এই ঢাকা শহরকে বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার জন্য তাকে সবাই ভোট দেবেন। সে আপনাদের কাছে দেওয়া তার প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করবে।

 

 

তিনি বলেন, আপনারা যদি ধানের শীষে ভোট দেন তাহলে বিএনপির আন্দোলন আরও বেগবান হবে এবং কারাবন্দি খালেদা জিয়াকে দ্রুত মুক্ত করা সম্ভব হবে। আমি আমার ছেলের জন্য ভোট চাই এবং কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি চাই।

আরও পড়ুন  আমার বাবা নেই, আপনারাই আমার বাবা,আমার অভিভাবক - ইশরাক

 

 

গণসংযোগে তার সঙ্গে ছোট ছেলে ইশফাক হোসেনসহ পরিবারের সদস্যবৃন্দ ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ জাতীয়তাবাদী মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ