জুড়ীতে গুঁড়িয়ে দেওয়া হলো ৮০টি অবৈধ ভবন

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

জুড়ীতে গুঁড়িয়ে দেওয়া হলো ৮০টি অবৈধ ভবন

প্রতিনিধি, জুড়ী:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী নদীর উভয় পাশ থেকে ৮০টি অবৈধ ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।সোমবার (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও (২ ফেব্রুয়ারি) চলে।

 

মঙ্গলবার দ্বিতীয় দিনের অভিযানে নদী পাড়ের একটি অংশে গড়ে ওঠা হাজী মাহমুদ আলী শপিং কমপ্লেক্সের তিন তলা ভবনের নদীর অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।

 

পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন এসব উচ্ছেদ অভিযান চালায়। অভিযানে ১০ একর জমি উদ্ধার করা হয়েছে বলে জানান জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম বলেন, ‘যারা জুড়ী নদীর দুই পাড় দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। নদীর পাড় দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

 

তিনি বলেন, ‘নদীর সরকারি জায়গা উদ্ধারের পাশাপাশি কেউ যাতে পুনঃদখল করতে না পারে- আমরা সেদিকেও কঠোর নজর রাখব। আজকের অভিযানের মধ্য দিয়ে দুদিনের অভিযান সমাপ্ত হলো। পরবর্তীতে আরও অভিযান চালানো হবে।’

আরও পড়ুন  ৩৩ জেলায় ছড়িয়ে পড়েছে করোনা

 

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান জানান, জুড়ী নদীর দুই পাশ দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছে একটি পক্ষ। নদীর জায়গা দখল করে অনেকেই স্থায়ী বিল্ডিং, ঘরবাড়ি ও দোকানপাট স্থাপন করেছে। ইতোমধ্যে তাদেরকে অনেকবার নোটিশ দেওয়া হয়েছে। তারপরও অনেকে স্থাপনা সরিয়ে নেয়নি। সেগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

 

এ অভিযান অব‌্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ