ডিআইজি প্রিজন্স পার্থ’র বিচার শুরু

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০

ডিআইজি প্রিজন্স পার্থ’র বিচার শুরু

প্রভাতবেলা ডেস্ক:

ডিআইজি প্রিজনস (বরখাস্তকৃত) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার বিচার শুরু হলো।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহআলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী মামলা থেকে অব্যাহতির আবেদন করে আদালতে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন নামঞ্জুর করেন।

৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ দুদকের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন। একইসঙ্গে ২৯ অক্টোবর অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ বদলির আদেশ দেন। আর ২৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সালাহউদ্দিন আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

২০১৯ সালের ২৮ জুলাই কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ে পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে অভিযানে যায় দুদক। তার ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক। এর পরেই তাকে আটক করা হয়। পরদিন ২৯ জুলাই তার বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা করেন দুদকের সহকারী পরিচালক সালাহউদ্দিন ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ