দুর্ঘটনা না প্রতিহিংসার আগুন? নাজির স্টাম্প ভান্ডার পুড়ে সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি

প্রকাশিত: 11:49 AM, April 26, 2017

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসের পার্শ্ববর্তী ‘নাজির স্টাম্প ভান্ডার’ নামের টং দোকানটি আগুনে ভস্মিভূত হয়েছে। ২৫ এপ্রিল (মঙ্গলবার) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কি কারনে এ অগুনের সুত্রপাত তা জানা যায় নি। এসময় নাজির স্টাম্প ভান্ডারে থাকা প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার স্টাম্প ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
নাজির স্টাম্প ভান্ডার’র ম্যানেজার নিজাম আহমদ মান্না দৈনিক প্রভাতবেলাকে জানান, প্রতিদিনের মতোই তিনি মঙ্গলবার সন্ধ্যার দিকে স্টাম্প ভান্ডার দোকানটি বন্ধ করে চলে আসেন। রাত ১২ টার দিকে প্রহরী মাখন মিয়া ফোন করে ম্যানেজার নিজামকে জানান তাদের টং দোকানের ভেতর থেকে ধোয়া বেরুচ্ছে। তৎক্ষণাৎ নিজাম দোকানে গিয়ে দেখেন ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেছেন। কিন্তু তৎক্ষণে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার স্টাম্প ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট স্টেশনের সিনিয়র কর্মকর্তা শিমুল মোহাম্মদ রফিক প্রভাতবেলাকে জানান, ১১ টা ৪০ মিনিটে আমাদের কাছে ফোন আসে যে সাব-রেজিস্ট্রি অফিসের কাছে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের একটি টিম তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় একটি টং দোকানে আগুন ধরেছে। এসময় আধাঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস কর্মিরা এ আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে আমাদের প্রাথমিক ধারনা।’
এদিকে নাজির স্টাম্প ভান্ডার’র ম্যানেজার নিজাম আহমদ প্রভাতবেলাকে বলেন, ওই দোকানটির ব্যাপারে একটি পক্ষ হিংসার আগুনে জ্বলছে। এর পেছনে সাব-রেজিস্ট্রি অফিসের কয়েকজন ঊর্ধতন কর্মকর্তার হাত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এ দোকানটি তুলে নেওয়ার জন্য রেজিস্ট্রি অফিসের কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে একটি চাঁদাবাজ মহল নিজামের কাছে প্রতি মাসে মোটা অংকের ঘুষ দাবি করেন। অন্যথায় দোকানটি ভেঙে ফেলার হুমকিও কয়েকবার প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ