ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ

প্রকাশিত: 6:12 PM, November 16, 2026

ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ

 ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ

জামান সরকার | হেলসিংকি, ফিনল্যান্ড ♦

ফিনল্যান্ডের হাড়কাঁপানো শীতের মাঝেও যেন এক টুকরো বাংলাদেশ জেগে উঠেছিল রাজধানী হেলসিংকির বুকে। চারদিকে শীতের আমেজ, আর তারই মধ্যে বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির আয়োজন, দেশীয় খাবারের সমাহার এবং প্রবাসী বাংলাদেশিদের প্রাণখোলা আড্ডা। সব মিলিয়ে রোববার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত ‘পিঠা মেলা ২০২৬’ পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

প্রবাসের কর্মব্যস্ত জীবনে এমন আয়োজন যেন কিছুক্ষণের জন্য সবাইকে ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা শৈশব, গ্রামবাংলার শীতের সকাল আর মায়ের হাতের তৈরি পিঠার স্মৃতিতে।

মেলায় ছিল বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি, নানা ধরনের দেশীয় খাবার এবং বিভিন্ন পণ্যের স্টল। বাহারি পোশাকে সেজে পরিবার-পরিজন ও সন্তানদের নিয়ে মেলায় হাজির হন প্রবাসী বাংলাদেশিরা। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফিনল্যান্ডের সংসদ সদস্য আত্তে কালেভা (Atte Kaleva)-এর উপস্থিতি। তিনি মেলায় অংশ নেন এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান। তাঁর উপস্থিতি এ সাংস্কৃতিক আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।

আরও পড়ুন  হবিগঞ্জে নৌকা ডুবে একই পরিবারের ৪ জনের মৃত্যু

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন ইমন আহমদ, মহি খান, মোস্তাক সরকার, জিতু ইসলাম ও নুরুজ্জামান ভূইয়াঁসহ অন্যরা।

ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ

ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ

বক্তারা প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে ফিনল্যান্ডে জন্ম নেওয়া কিংবা বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের শিকড়ের সঙ্গে পরিচিত করাতে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

তাঁদের মতে, পিঠা মেলা শুধু পিঠাপুলি খাওয়া কিংবা কেনাবেচার আয়োজন নয়। এটি প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সাংস্কৃতিক পরিচয় ধরে রাখার এক গুরুত্বপূর্ণ মাধ্যম।

মেলার বিভিন্ন স্টলে দর্শনার্থীদের ভিড়, পরিচিতজনদের সঙ্গে কুশল বিনিময় এবং পরিবারগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, হাজার মাইল দূরে থেকেও বাঙালির হৃদয়ে নিজের দেশের সংস্কৃতি কতটা গভীরভাবে জায়গা করে আছে।

আরও পড়ুন  সিত্রাং || ৯ জনের প্রাণহানি, সিলেট হয়ে ভারতের দিকে

প্রবাসে বেড়ে ওঠা শিশুদের জন্যও এ আয়োজন ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও সামাজিক সংস্কৃতির সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পায় তারা। একই সঙ্গে ফিনল্যান্ডের বহুসাংস্কৃতিক সমাজে বাঙালির নিজস্ব সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার একটি সুন্দর উপলক্ষ হয়ে ওঠে মেলাটি।

আয়োজকদের এমন উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

দিনশেষে পিঠা মেলা যেন কেবল একটি উৎসব হয়ে থাকেনি, হয়ে উঠেছিল স্মৃতি, আবেগ আর শিকড়ের টানে একত্র হওয়ার উপলক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ