বিচারপতি মাহমুদকে প্রধান করে পূর্ণাঙ্গ সার্চ কমিটি ঘোষণা

প্রকাশিত: 7:27 PM, January 25, 2017

প্রভাতবেলা প্রতিবেদক:  নির্বাচন কমিশন পুনর্গঠনে ছয় সদস্যের সার্চ কমিটির প্রধান করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে।

রাষ্ট্রপতির কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

বুধবার সকালে নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি করেন রাষ্ট্রপতি। নিয়ম অনুযায়ী সার্চ কমিটির সদস্যদের দেয়া নামগুলো থেকে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের নিয়োগ দেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে জানিয়েছেন, আজ অথবা কালের মধ্যেই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের দুটি সূত্র জানিয়েছে, সার্চ কমিটির বাকি পাঁচজন হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক শিরীন আকতার।

আরও পড়ুন  বিএনপি ক্ষমতায় আসবে, ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: তোফায়েল

রাষ্ট্রপতির কার্যালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের দুটি সূত্র জানিয়েছে, সার্চ কমিটি গঠন করতে জিল্লুর রহমানের ওই ফর্মুলা বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদও অনুসরণ করেছেন। তবে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে সৈয়দ মনজুরুল ইসলাম এবং নারী প্রতিনিধি হিসেবে শিরীণ আখতারকে অন্তর্ভুক্ত করে এর আকার বাড়িয়েছেন।

এই প্রেক্ষিতে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি করতে গত ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। সংলাপ শেষ হয় ১৮ জানুয়ারি। এ সময়ে রাষ্ট্রপতি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ৩১টি দলের সঙ্গে সংলাপ করেন।

বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য তিন নির্বাচন কমিশনারদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। অপর কমিশনার মো. শাহ নেওয়াজের মেয়াদ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।

সর্বশেষ সংবাদ