বীর মুক্তিযোদ্ধা মেজর আক্তারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত: 8:01 PM, October 2, 2026

বীর মুক্তিযোদ্ধা মেজর আক্তারুজ্জামান গ্রেফতার

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় বীর মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রভাতবেলা প্রতিবেদক, ঢাকা ♦
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) নিশ্চিত  করেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ অক্টোবর মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে বিলম্ব এবং ট্রলি সংকটকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে মেজর (অব.) আখতারুজ্জামানের সঙ্গে তার কথা-কাটাকাটি হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পুলিশি বর্ণনা অনুযায়ী, এ সময় তাকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করলে নিরাপত্তা কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দেন। এরপর তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়।

আরও পড়ুন  পদ্মা সেতু: স্মারক ডাকটিকিট উন্মোচন

ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, ভয়ভীতি প্রদর্শনসহ দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার পর শুক্রবার ডিবি পুলিশ মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে। তদন্তের ভিত্তিতে অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ