সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০
সংবাদদাতা, বড়লেখা:
ব্রাজিলে দুর্বৃত্তের গুলিতে মৌলভীবাজারের বড়লেখার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মুত্তাকিন আহমদ রায়হান (২৩)।
গত শুক্রবার ( ১৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ব্রাজিলের সাওপাওলো শহরে এই ঘটনা ঘটে। নিহত রায়হান উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। রায়হানের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে।
পারিবারিক ও ব্রাজিল প্রবাসী সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কয়েক বছর আগে ব্রাজিলে পাড়ি জমান রায়হান। সেখানে তিনি ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো রায়হান শুক্রবার সন্ধ্যায় ট্যাক্সি নিয়ে বের হন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সাওপাওলো শহরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।
এদিকে রায়হানকে হত্যার দৃশ্য সেখানকার একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ওই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে। এক মিনিট ৪৩ সেকেন্ডর ওই ভিডিওতে দেখা যায়, রায়হান তার সাদা রঙের ট্যাক্সি রাস্তার পাশে দাঁড় করান। এরপর ওই গাড়ি থেকে এক তরুণী নেমে আসেন। হঠাৎ তিন দুর্বৃত্ত ওই গাড়ির কাছে যায়। কিছুক্ষণ পর তারা গাড়িতে থাকা রায়হানকে গুলি করে দৌড়ে পালায়।
তবে ঠিক কী কারণে রায়হান খুন হয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে স্থানীয় প্রবাসী একটি সূত্র জানিয়েছে, টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা রায়হানকে গুলি করে হত্যা করেছে।
এদিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে মর্গে পাঠিয়েছে। একই সাথে হত্যা রহস্য উদঘাটনের জন্য মাঠে নেমেছে পুলিশ।
ব্রাজিল প্রবাসী কামরুল ইসলাম শনিবার রাতে মুঠোফোনে বলেন, রায়হান খুব ভালো ছেলে ছিলো। মাঝেমধ্যে তার সাথে দেখা হতো। কয়েক বছর আগে সে ব্রাজিলে এসেছে। এখানে সে ট্যাক্সি চালিয়ে টাকা উপার্জন করতো।
বিষয়টি নিশ্চিত করে নিহত মুত্তাকিন আহমদের বড় ভাই রাসেল আহমদ বলেন, ভিডিও ফুটেজ দেখে আমরা হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে কি কারণে আমার ভাইকে হত্যা করা হয়েছে আমরা নিজেরাই বুঝতে পারছি না।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি